গবেষণার বাণিজ্যিকীকরণে বাকৃবির সঙ্গে ১০ প্রতিষ্ঠানের সমঝোতা

বাকৃবি প্রতিনিধি

শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ ফলাফল শিল্প ও বাণিজ্যিক খাতে কাজে লাগাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সঙ্গে ১০টি শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা

2026-11-21T21:49:35+00:00
2026-11-21T21:49:35+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিক্ষা
গবেষণার বাণিজ্যিকীকরণে বাকৃবির সঙ্গে ১০ প্রতিষ্ঠানের সমঝোতা
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ পিএম 
ছবি : সময়ের আলো
বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ ফলাফল শিল্প ও বাণিজ্যিক খাতে কাজে লাগাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সঙ্গে ১০টি শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির বাণিজ্যিকীকরণে পারস্পরিক সহযোগিতা জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য।

শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ‘গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণে বাকৃবি-শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক কর্মশালায় এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তিবদ্ধ ১০টি প্রতিষ্ঠান হলো—ন্যাশনাল এগ্রি কেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, এসিআই পিএলসি, আকিজ ডেইরি লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড, ডুয়ালটেক পাওয়ার ইঞ্জিনিয়ারিং, উস্তার এগ্রো সলিউশন প্রাইভেট লিমিটেড, স্বর্ণলতা এগ্রো ফিশারিজ লিমিটেড, পূবালী ব্যাংক পিএলসি এবং নেক্সটজেন বায়োফিড। বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. এ কে এম আহসান কবীর।

মূল প্রবন্ধে অধ্যাপক আহসান কবীর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বর্তমান কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে দেশি-বিদেশি মোট ৬১১টি প্রতিষ্ঠানের সঙ্গে বাকৃবির সমঝোতা স্মারক রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন বলেন, গবেষণার বাণিজ্যিকীকরণে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি বলে মনে করে বর্তমান সরকার। তবে এ দুই পক্ষের মধ্যে এখনো কিছুটা দূরত্ব রয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) মাধ্যমে এ দূরত্ব কমিয়ে আনার আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, আজকের আয়োজন অ্যাকাডেমিয়া ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে নতুন সহযোগিতার পথ তৈরি করছে। এ উদ্যোগের চারটি প্রধান লক্ষ্য হলো—শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে যোগাযোগ বাড়ানো, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম নিয়মিত হালনাগাদ করা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ এবং গবেষণালব্ধ ফলাফলের বাণিজ্যিকীকরণ নিশ্চিত করা।


সরকারের শিক্ষা ও কৃষি খাতের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান সরকার শিক্ষা খাতে ২ শতাংশ বাজেট বরাদ্দ রেখেছে। আগামী বছর তা ৩ শতাংশে উন্নীত করা হবে। আগামী বছরের সর্বোচ্চ বাজেট কৃষি খাতে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।

অধ্যাপক আব্দুল্লাহ্-আল-মামুন আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা দীর্ঘদিন ধরে দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ভূমিকা রাখছে। অর্থনীতির বর্তমান দুরবস্থা কাটিয়ে শুধু তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরতা কমিয়ে কৃষি খাতকে আরও এগিয়ে নিতে চায় সরকার। এ লক্ষ্যে সরকারের ইনোভেশন ফান্ডে ৫০০ কোটি টাকা রয়েছে, যা গবেষণার কাজে ব্যবহার করা যাবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, বাকৃবির সঙ্গে যৌথভাবে কাজ করতে এগিয়ে আসা প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক ধন্যবাদ। এর আগে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাকৃবির সমঝোতা চুক্তি হয়েছে। এবার আরও ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হলো।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ প্রযুক্তি মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন। পারস্পরিক সমন্বয় ছাড়া কোনো প্রযুক্তির যথাযথ প্রয়োগ সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে আরও কাজ করতে হবে।

কর্মশালার দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘গবেষণালব্ধ শিল্পোন্নয়ন: কৃষি গ্র্যাজুয়েটদের ভূমিকা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা গবেষণার বাণিজ্যিকীকরণ, শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ এবং কৃষি গ্র্যাজুয়েটদের সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। অতিথিরা তাদের প্রশ্নের উত্তর দেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়  বাকৃবি  গবেষণা  গবেষণার বাণিজ্যিকীকরণ  সমঝোতা স্মারক  শিল্পপ্রতিষ্ঠান  কৃষি গবেষণা  ইউজিসি  কৃষি গ্র্যাজুয়েট  ময়মনসিংহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: