স্কুলশিক্ষার্থীদের সাঁতার শেখাতে সেনা ও নৌবাহিনীর সুইমিং পুল ব্যবহারের উদ্যোগ

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

ঢাকা মহানগরের স্কুলশিক্ষার্থীদের সাঁতার শেখাতে সেনাবাহিনী ও নৌবাহিনীর সুইমিং পুল ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি দেশের অন্তত এক হাজার ইউনিয়নে

2026-11-21T19:23:28+00:00
2026-11-21T19:23:57+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিক্ষা
স্কুলশিক্ষার্থীদের সাঁতার শেখাতে সেনা ও নৌবাহিনীর সুইমিং পুল ব্যবহারের উদ্যোগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:২৩ পিএম  আপডেট: ২১.১১.২০২৬ ৭:২৩ পিএম
শিক্ষার্থীদের সাঁতার শেখাতে জাতীয় সুইমিং কমপ্লেক্স ও শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর সুইমিং পুল ব্যবহারের পরিকল্পনা রয়েছে । ছবি : সংগৃহীত
ঢাকা মহানগরের স্কুলশিক্ষার্থীদের সাঁতার শেখাতে সেনাবাহিনী ও নৌবাহিনীর সুইমিং পুল ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি দেশের অন্তত এক হাজার ইউনিয়নে উন্মুক্ত খেলার মাঠ তৈরি করে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গত ৮ অক্টোবর অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী অনুযায়ী, সিদ্ধান্ত বাস্তবায়নে গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি পাঠানো হয়। সম্প্রতি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ঢাকা মহানগরের শিক্ষার্থীদের সাঁতার শেখানোর কর্মসূচি চালু করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে যৌথভাবে উদ্যোগ নিতে হবে। এ কর্মসূচিতে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্স ও শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর সুইমিং পুল ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

সাঁতার শেখানোর ক্ষেত্রে ছেলে ও মেয়েদের জন্য পৃথক সুইমিং পুল অথবা আলাদা সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের অন্তত এক হাজার ইউনিয়নে উন্মুক্ত খেলার মাঠ তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ পর্যন্ত ২৬টি জেলা থেকে ৪০৩টি ইউনিয়নে মাঠ তৈরির উপযোগী খাসজমির তথ্য পাওয়া গেছে। যা দেশের মোট ইউনিয়নের ১০ শতাংশেরও কম।

কার্যবিবরণীতে বলা হয়েছে, মাঠ তৈরির জন্য প্রয়োজন অনুযায়ী তিন থেকে আট বিঘা খাসজমি বিবেচনায় নিতে হবে। জমি নির্বাচনের ক্ষেত্রে ইউনিয়নের মধ্যবর্তী এলাকা অথবা গ্রোথ সেন্টারের কাছাকাছি সহজে যাতায়াত করা যায়- এমন স্থানকে অগ্রাধিকার দিতে হবে। এসব মাঠ শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত থাকবে।

মাঠগুলোতে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে ফুটবলসহ নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা শুরু করার নির্দেশনা রয়েছে। ইউনিয়ন পর্যায়ের খেলা শেষে প্রতিটি উপজেলায় নির্ধারিত একটি প্রধান মাঠে ফাইনাল আয়োজন করা হবে। প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের জন্য আলাদা দল ও টুর্নামেন্টের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া, প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে সাবেক জাতীয় চ্যাম্পিয়নদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করা হবে।


অন্যদিকে, রাজধানীর খেলার মাঠগুলো নিয়েও আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের চিহ্নিত ও উদ্ধার করা মাঠগুলোতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কিশোর-কিশোরীদের ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে বলা হয়েছে। এসব অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের দিয়ে পুরস্কার বিতরণের নির্দেশনা রয়েছে।

শহরাঞ্চলে খেলাধুলার সুযোগ বাড়াতে প্রতিটি সিটি করপোরেশনে একটি করে আধুনিক ফুটসাল মাঠ নির্মাণ করবে জাতীয় ক্রীড়া পরিষদ। এর বাইরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিজস্ব উদ্যোগে আরও ১১টি ফুটসাল মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে। এসব মাঠ নির্মাণের প্রকল্প দ্রুত প্রক্রিয়াকরণে কাজ করবে স্থানীয় সরকার বিভাগ।

শুধু মাঠ নির্মাণ নয়, শিক্ষাপ্রতিষ্ঠানেও নিয়মিত খেলাধুলা নিশ্চিত করতে চায় সরকার। এ জন্য প্রতিবছরের শুরুতে অ্যাকাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষাবর্ষের শুরুতেই ফুটবল, দাবা ও কাবাডির মতো নির্ধারিত খেলাগুলোর সময়সূচি অ্যাকাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   স্কুলশিক্ষার্থীদের সাঁতার শেখাতে সেনা ও নৌবাহিনীর সুইমিং পুল ব্যবহারের উদ্যোগ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: