৬ মাসে দূর হবে শিক্ষক সংকট : শিক্ষামন্ত্রী

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

আগামী ছয় মাসের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ

2026-11-20T21:16:07+00:00
2026-11-20T21:16:07+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিক্ষা
৬ মাসে দূর হবে শিক্ষক সংকট : শিক্ষামন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম 
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত
আগামী ছয় মাসের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা খাতে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকি বরদাশত করা হবে না।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট দিয়েছেন। আগামী পাঁচ বছরে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ কর্মসূচির আওতায় দেশে কোনো জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় থাকবে না।

কারিগরি ও উচ্চশিক্ষার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিকায়ন করা হবে। পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করা শিক্ষার্থীরা যাতে সরাসরি উচ্চশিক্ষার সুযোগ পান, সে লক্ষ্যে চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি চলতি অর্থবছরেই চীনের আদলে দেশের নয়টি বিভাগে নয়টি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে।

বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি চীনা, আরবি, জাপানি কিংবা কোরীয় ভাষার যেকোনো একটি শেখার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষকদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে ড. মিলন বলেন, যোগ্যতা ও শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করেই এমপিও দেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সঠিকভাবে পড়তে ও লিখতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য তিনি নিজেই আকস্মিক পরিদর্শনে যাবেন বলেও জানান।

মামলার কারণে এতদিন শিক্ষক নিয়োগ কার্যক্রম আটকে থাকলেও আগামী ছয় মাসের মধ্যে জনবল সংকট দূর করার আশ্বাস দেন তিনি।

প্রাথমিক শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছর বিদ্যালয় পরিচ্ছন্নতা ও সরঞ্জামের জন্য ছয় হাজার টাকা, শিক্ষার্থীদের পোশাকের জন্য ভ্যাট-করসহ এক হাজার ৯৫০ টাকা এবং পুষ্টিকর টিফিনের জন্য শিক্ষার্থীপ্রতি ৩৮ টাকা ৫০ পয়সা বরাদ্দ দেওয়া হয়েছে। কুপন পদ্ধতিতে এসব সুবিধা বিতরণ করা হবে।


এ ছাড়া যেসব বিদ্যালয়ের পাশে খালি জায়গা রয়েছে, সেখানে জমি অধিগ্রহণ করে খেলার মাঠ তৈরির জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনেরা উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নিজের নির্বাচনি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্যা তুলে ধরে কামরুজ্জামান রতন বলেন, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন তার অভিভাবক। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্যা তিনি দেখবেন বলে আশা প্রকাশ করেন সংসদ সদস্য। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   শিক্ষক সংকট  শিক্ষামন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: