প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ পিএম
ছবি : সময়ের আলোকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী পরিবহন বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্কিত হয়ে বাস থেকে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসে থাকা শিক্ষার্থীরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লার পুলিশ লাইন থেকে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
বাসে থাকা শিক্ষার্থীরা জানান, বেলতলী বিশ্বরোড পার হওয়ার পর চারজন ব্যক্তি বাসটি থামানোর সংকেত দেন। তাদের শিক্ষার্থী মনে করে চালক বাসের গতি কমালে ওই ব্যক্তিরা একটি টায়ারে আগুন ধরিয়ে বাসের নিচে ছুড়ে মারেন। এতে বাসের পেছনের দিকের একটি চাকায় আগুন জ্বলে ওঠে। পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত বাসটি সামনের দিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। ফলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। পরে শিক্ষার্থীরা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যান।
বাসে থাকা শিক্ষার্থী মো. রহমত আলী বলেন, ‘আমরা বাসে ছিলাম। হুট করে কয়েকজন বাস থামিয়ে বাসের নিচে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে চালক মামা বাস দ্রুতগতিতে সামনে নেওয়ায় আমরা বেঁচে যাই। আমরা চাই দোষীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’
বাসচালক মো. শফিক বলেন, ‘আমরা বেলতলী পার হওয়ার পরে দেখি কয়েকজন আমাদের বাস থামায় এবং তারপর টায়ারে আগুন দিয়ে বাসের নিচে নিক্ষেপ করে। আমি সঙ্গে সঙ্গে বাস দ্রুতগতিতে সামনে নিয়ে যাই। নাহলে আজকে অনেক ক্ষয়ক্ষতি হতে পারতো।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান বলেন, ‘বেলতলী এলাকায় আমাদের একটি বাসে আগুন দেওয়া হয়। আমাদের শিক্ষার্থীরা সকলে সুস্থ আছেন, কেউ হতাহত হয়নি এবং আমাদের বাসেরও ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনার সঙ্গে জড়িতদের আমরা খুঁজে বের করে প্রশাসনের মাধ্যমে শাস্তি দেওয়ার চেষ্টা করব।’
তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রশাসনের মাধ্যমে শাস্তির আওতায় আনার চেষ্টা করা হবে।
সময়ের আলো/এসএকে