প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:২৫ পিএম
ছবি : সময়ের আলোচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে হীরকজয়ন্তী উৎসব। তবে এই উৎসবের অনুষ্ঠানস্থলে শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বুধবার (১৮ নভেম্বর) হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একটি আনন্দমিছিল বের করেন শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের অনুসারীরা তাতে বাধা দেন। এ সময় দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে চলে যান এবং একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে তাদের আলাদা করে দেন।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ছাত্রশিবির মিছিল নিয়ে আসার সময় চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনসহ পাঁচ-ছয়জনকে ধাক্কাধাক্কি ও আঘাত করা হয়। বিষয়টি জানার পরপরই আমি জুনিয়রদের নিয়ে ঘটনাস্থলে যাই। আমাদের আগে থেকে কোনো প্রস্তুতি বা পরিকল্পনা ছিল না। পরিস্থিতির কারণেই আমাদের সেখানে যেতে হয়েছে। আমাদের কোনো সহযোদ্ধার ওপর হামলা হলে তা দেখে চুপ করে থাকার সুযোগ নেই। তাদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
অন্যদিকে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি কেন্দ্রীয় খেলার মাঠে দেওয়া এক বক্তব্যে বলেন, ছাত্রদলের সভাপতি জানিয়েছেন যে এখানে মিছিল হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আমি তাকে আশ্বস্ত করেছি যে আমাদের নেতাকর্মীদের কেউ সেখানে প্রবেশ করবে না। আমরা একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। ছাত্রসংগঠন হিসেবে আমাদের নিজস্ব কর্মসূচি থাকতেই পারে। আশা করি, কেউ কারও কর্মসূচিতে বাধা দেবে না। সবাই যার যার মতো শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে।
অনুষ্ঠানস্থলে দুই ছাত্রসংগঠনের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় খেলার মাঠে শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি আনন্দমিছিল প্রবেশের সময় শাখা ছাত্রদলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। তবে কেউ আহত হননি। আমরা তাৎক্ষণিকভাবে মধ্যস্থতা করে দুই পক্ষকে সরিয়ে দিই ও পরিস্থিতি শান্ত করি।
সময়ের আলো/আতা