এবার মোট ৩ হাজার ৮০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ছবি : সংগৃহীত কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর। আবেদন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবার মোট ৩ হাজার ৮০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যা হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৫০, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪০১, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি।
আবেদনের যোগ্যতা হিসেবে ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি এবং ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। পাশাপাশি দুই পরীক্ষার মোট জিপিএ নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
আবেদন ফি ১ হাজার ২০০ টাকা। আবেদন করতে হবে (https://acas.edu.bd) ওয়েবসাইটে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ৩ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বর থাকবে।
মেধাতালিকা তৈরি হবে মোট ১৫০ নম্বরের ভিত্তিতে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে ২৫ নম্বর করে যোগ করা হবে।
সময়ের আলো/এমকে