বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

বাকৃবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার

2026-11-20T09:50:30+00:00
2026-11-20T09:50:30+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিক্ষা
বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:৫০ এএম 
ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। ছবি : সময়ের আলো
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজুসহ অন্তত আটজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোবাইল ফোন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভেতরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে মেজবাউল হক মিজু হলের জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগবিরোধী মিছিল বের করতে গেলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে মিছিল শেষে হলে ফেরার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে।

মিজুর অভিযোগ, শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম ও এ এম শোয়াইবের অনুসারীরা তার ওপর হামলা করেন। তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে সোহরাওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মাওলানা ভাসানী হলের ৪০ থেকে ৫০ জন এতে অংশ নেন। তার একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগে বুধবার শফিকুল ইসলাম তাকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে দাবি করেন মিজু।


তবে তায়েফ মাহমুদের দাবি, কেন্দ্রীয় নেতাদের অনুমতি ছাড়া মিছিল বের করায় মিজুর অনুসারীরা প্রথমে তার ও সিফাতের পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা করেন। পরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। গত ৫ নভেম্বরও মিজুর অনুসারীরা তাদের ওপর হামলা করেছিলেন বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল ইসলাম ও এ এম শোয়াইব। শফিকুল দাবি করেন, ঘটনার সময় তিনি ক্যাম্পাসে ছিলেন না। শোয়াইব বলেন, সিসিটিভি ফুটেজ দেখলেই তার সম্পৃক্ততা আছে কি না, তা বোঝা যাবে। তিনি মিজুকে ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী বলেও দাবি করেন।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুই পক্ষেরই দোষ থাকতে পারে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্ত করার পর উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বাকৃবি  ছাত্রদল  দুই পক্ষ  সংঘর্ষ  আহত 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: