সোমবার বেলা ১১টায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে । ছবি : সংগৃহীত২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের অপেক্ষার অবসান হচ্ছে আগামী সোমবার। ওই দিন বেলা ১১টায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে কেন্দ্রীয়ভাবেও ফল প্রকাশের ব্যবস্থা করা হতে পারে।
শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, সোমবার বেলা ১১টায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে কেন্দ্রীয়ভাবেও ফল দেখানোর ব্যবস্থা করা হতে পারে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুও ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে। আগের মতো এবারও ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। ফল দেখার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। এসব আবেদনের বিপরীতে পুনঃনিরীক্ষণের জন্য জমা পড়েছে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদনের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭০০টি।
এ ছাড়া, রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোরে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুরে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহে ৭১ হাজার ৭৬২টি, বরিশালে ৫৩ হাজার ৪০৯টি এবং সিলেটে ৫১ হাজার ২৪৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।
ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পান। নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক শিক্ষার্থী তাঁদের উত্তরপত্র পুনরায় যাচাইয়ের আবেদন করেন।
সময়ের আলো/এসকে