৪৮ বছরেও আবাসন সুবিধার বাইরে ইবির ৮৩ শতাংশ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি

শিক্ষা

পূর্ণাঙ্গ আবাসিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সেও আবাসিক চরিত্রের বিষয়টি উল্লেখ রয়েছে। তবে

2026-11-22T08:50:36+00:00
2026-11-22T08:50:36+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিক্ষা
৪৮ বছরেও আবাসন সুবিধার বাইরে ইবির ৮৩ শতাংশ শিক্ষার্থী
ইবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৫০ এএম 
সংগৃহীত ছবি
পূর্ণাঙ্গ আবাসিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সেও আবাসিক চরিত্রের বিষয়টি উল্লেখ রয়েছে। তবে প্রতিষ্ঠার প্রায় পাঁচ দশক পেরিয়ে গেলেও এখনো ৮৩ শতাংশ শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবাসন সংকটের কারণে অনাবাসিক শিক্ষার্থীদের বড় একটি অংশকে বিশ্ববিদ্যালয় থেকে ২২-২৪ কিলোমিটার দূরে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরে মেস কিংবা ভাড়া বাসায় থাকতে হচ্ছে। ফলে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য তাদের নির্ভর করতে হচ্ছে ভাড়ায় চালিত গণপরিবহণের ওপর।

শিক্ষার্থীরা জানান, হলে আসন না পেয়ে বাধ্য হয়েই মেস ও ভাড়া বাসায় থাকতে হচ্ছে তাদের। এতে আবাসন ব্যয়ের পাশাপাশি নানা ধরনের নিরাপত্তা ও স্বাস্থ্যগত সমস্যার মুখে পড়তে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন ছাত্রীরা। আবাসন সংকটের পাশাপাশি নিরাপত্তাহীনতা ও স্থানীয়দের হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। অন্যদিকে, মেসে থাকা ছাত্রদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হয়। স্থানীয় বাসিন্দা ও মেস মালিকদের সঙ্গে শিক্ষার্থীদের বিরোধ, এমনকি মারামারির ঘটনাও ঘটছে। এ ছাড়া মেসে উঠতে গিয়ে মালিকদের নানা শর্ত ও বিধিনিষেধের মুখে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ বলেন, ‘পূর্ণাঙ্গ আবাসিক সুবিধার লক্ষ্য নিয়েই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তবে পর্যাপ্ত বাজেট না পাওয়ায় সেই লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি। আবাসিক শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে হল প্রভোস্টদের ইতোমধ্যে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া নির্মাণাধীন হলগুলোর কাজ শেষ হলে আবাসন সংকট অনেকাংশে কমে আসবে।’

১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার শান্তিডাঙ্গা-দুলালপুরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে চারটি বিভাগ, আটজন শিক্ষক ও ৩০০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় এর অ্যাকাডেমিক কার্যক্রম। নানা প্রতিকূলতা পেরিয়ে ১৭৫ একরের এই বিদ্যাপীঠ ২২ নভেম্বর প্রতিষ্ঠার ৪৮ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ পথচলায় শিক্ষা ও গবেষণার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনেও উল্লেখযোগ্য অর্জন রয়েছে বিশ্ববিদ্যালয়টির। দেশের বিভিন্ন প্রান্তে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিয়ে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি। তবে এত অর্জনের পরও পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার লক্ষ্য এখনো অধরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ৯টি অনুষদের অধীনে ৩৮টি বিভাগে ১৯ হাজার ৯৭১ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের জন্য আটটি আবাসিক হলে আসন রয়েছে মাত্র ৩ হাজার ৩৫৫টি। সে হিসাবে মোট শিক্ষার্থীর প্রায় ১৭ শতাংশ আবাসন সুবিধা পাচ্ছেন। এর মধ্যে প্রায় সাড়ে ১১ হাজার ছাত্রের জন্য পাঁচটি হলে আসন রয়েছে ২ হাজার ২০টি। অন্যদিকে, ছাত্রীদের জন্য তিনটি হলে আসনসংখ্যা ১ হাজার ৩৩৫।

আবাসিক শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আসন না থাকায় হলগুলোতেও তৈরি হয়েছে নানা সংকট। শিক্ষার্থীরা জানান, হলজীবন নানা অভিজ্ঞতার সুযোগ তৈরি করলেও অতিরিক্ত শিক্ষার্থীর চাপে স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। একটি বড় কক্ষে ১০০ জন শিক্ষার্থীর একসঙ্গে বসবাসের কারণে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।


বিশেষ করে ছাত্রী হলগুলোতে আসন সংকটের কারণে চালু রয়েছে গণরুম ব্যবস্থা। এসব কক্ষে গাদাগাদি করে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। জানা গেছে, খালেদা জিয়া হলে আসনসংখ্যা ৩৯৬ হলেও সেখানে সাত শতাধিক ছাত্রী অবস্থান করছেন। হলটির বড় একটি কক্ষে একসঙ্গে ৮০ জনের বেশি ছাত্রী থাকেন। অন্য দুটি ছাত্রী হলের চিত্রও প্রায় একই। চারজনের ধারণক্ষমতার কক্ষে থাকতে হচ্ছে ১৬ জনকে। এতে পড়াশোনা, ঘুম ও দৈনন্দিন কাজকর্মে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা। তবে হল কর্তৃপক্ষের দাবি, গণরুম ব্যবস্থা বাতিল করা হলে আবাসন সংকট আরও বেড়ে যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, নির্মাণাধীন আবাসিক হলগুলোর কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় সংকট নিরসন বিলম্বিত হচ্ছে। শ্রমিক সংকট ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে সূত্রটি। ইতোমধ্যে আবরার ফাহাদ হলের ৯৭ শতাংশ, ছাত্র হল-২-এর ৭৫ শতাংশ, ছাত্রী হল-১-এর ৭৫ শতাংশ, ছাত্রী হল-২-এর ৭৪ শতাংশ এবং শহিদ আবরার ফাহাদ হলের দ্বিতীয় ব্লকের ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এসব হলের নির্মাণকাজ সম্পন্ন হলে নতুন করে প্রায় ৪ হাজার ৫০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে। এতে মোট শিক্ষার্থীর ২২ দশমিক ২৬ শতাংশ আবাসন সুবিধার আওতায় আসবেন।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ‘বাজেট ঘাটতির কারণে বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট রয়েছে। এ সংকট নিরসনে বর্তমান উপাচার্যের নেতৃত্বে শহিদ জিয়াউর রহমান হলের বর্ধিত অংশ নির্মাণের জন্য বাজেট প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ৫৩৭ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পের আওতায় নতুন করে চারটি ১০ তলা আবাসিক হল নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি একটি ছাত্র হলের একাংশও নতুন করে নির্মাণ করা হচ্ছে। এসব কাজ শেষ হলে সাড়ে চার হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে। বিশ্ববিদ্যালয়কে কীভাবে পূর্ণাঙ্গ আবাসিক প্রতিষ্ঠানে রূপ দেওয়া যায়, সে বিষয়ে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে।’

সময়ের আলো/জোই
  বিষয়:   ৪৮ বছর  আবাসন সুবিধা  ইবি  শিক্ষার্থী  হল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: