জাবিতে জাতীয় বিতর্ক উৎসবের পর্দা নামল, সেরা ঢাবি ও ঢাকা কলেজ

জাবি প্রতিনিধি

শিক্ষা

‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’—স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নয় দিনব্যাপী আয়োজিত ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’-এর সমাপনী ও

2026-11-22T08:39:52+00:00
2026-11-22T08:39:52+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিক্ষা
জাবিতে জাতীয় বিতর্ক উৎসবের পর্দা নামল, সেরা ঢাবি ও ঢাকা কলেজ
জাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৩৯ এএম 
জাতীয় বিতর্ক উৎসবের পর্দা নামল। ছবি : সময়ের আলো
‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’—স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নয় দিনব্যাপী আয়োজিত ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজিত এ উৎসব শুরু হয় গত ১৩ নভেম্বর। ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলা এ আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি তিনটি পর্যায়েই অনুষ্ঠিত হয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের ৩২টি স্কুল, ৩২টি কলেজ ও ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন। বিচারক ও প্রতিযোগীসহ পুরো আয়োজনে যুক্ত ছিলেন পাঁচ শতাধিক অংশগ্রহণকারী।

উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক ছিলেন বর্ণ সাহা বিশাল, কলেজ পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হাসিব বিন আব্দুল হাই এবং স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক দুর্বার শামিত আদি। পুরো আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেইউডিওর সভাপতি আল লুবান।

এবারের ২১তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি (ডিসিইউ)।

১৫তম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস)। রানার্সআপ হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব (এমসিপিডিসি)।


এ প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি, রাজউক কলেজ ডিবেট ক্লাব এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব।

আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব এইট (আইডিসি-৮)। একই প্রতিষ্ঠানের আইডিয়াল ডিবেটিং ক্লাব টেন (আইডিসি-১০) হয়েছে রানার্সআপ।

উৎসবের স্কুল ও কলেজ পর্যায়ের বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তাসমিয়া খান ইউশা। প্রথম রানার্সআপ হয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তানভীর রায়ান এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন একই প্রতিষ্ঠানের মির্জা মুক্তাদির মাহদি।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আফিয়া ইবনাত সামিহা। প্রথম রানার্সআপ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আরাফাত ইসলাম রিফাত। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লামিশা জামান ও তাসফিকুর রশিদ তুর্য।

যুক্তি ও মুক্তচিন্তার চর্চায় জেইউডিওর প্রত্যয়
আয়োজকরা জানান, বিতর্ক কেবল প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তরুণদের যুক্তিবোধ, মুক্তচিন্তা, সহনশীলতা ও দায়িত্বশীল মতপ্রকাশের চর্চার অন্যতম মাধ্যম। ‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’ স্লোগানকে সামনে রেখে এবারের উৎসবের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের একটি অভিন্ন বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মে একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উৎসব সফল করতে সহযোগিতার জন্য গণমাধ্যমকর্মী, বিচারক, বিতার্কিক, স্বেচ্ছাসেবক, সহযোগী প্রতিষ্ঠান ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আয়োজক সংগঠনটি। বিশেষভাবে মিডিয়া পার্টনার চ্যানেল ওয়ান, এশিয়া পোস্ট ও দ্য ডেইলি স্টার; অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো এবং লজিস্টিকস পার্টনার উত্তরণের প্রতি ধন্যবাদ জানানো হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   জাবি  জাতীয় বিতর্ক উৎসব  পর্দা নামল  ঢাবি  ঢাকা কলেজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: