সংগৃহীত ছবিচাকরির বাজারে চাহিদা নেই, এমন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ না খোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার আগে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয়তা, বর্তমান শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের সুযোগ বিবেচনা করতে হবে। কেবল বিভাগ খোলার জন্য বিভাগ খোলা হলে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না। এ ক্ষেত্রে যেসব বিভাগের বাস্তব প্রয়োজন নেই, সেগুলো খোলার অনুমতি না দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিও আহ্বান জানান তিনি।
রোববার (২২ নভেম্বর ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেকারত্বের কারখানায় পরিণত করা যাবে না বলে মন্তব্য করে তিনি বলেন, কিছু বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানোর জন্য বাজেট দিতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো কী পরিমাণ বেকার তৈরি করছে, তার হিসাবও সরকারের কাছে থাকা প্রয়োজন। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বাজেট ও গবেষণায় বরাদ্দ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা গবেষণার বাজেটে কোনো অভাব নেই। বরাদ্দ করা অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না, সেটি নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় অর্থ দিতে প্রস্তুত থাকলেও বিশ্ববিদ্যালয়গুলো বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় করতে পারছে না। গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি তোলার আগে কত টাকা প্রয়োজন এবং কী কাজে ব্যয় হবে, তা নির্ধারণ করা জরুরি।
তিনি বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষকের ঘাটতি রয়েছে। অথচ প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ ও জনবল কাঠামো সম্প্রসারণ করা যাচ্ছে না। এ সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়গুলোর জনবল চাহিদা পূরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন মানুষের বেকারত্বের হার মাত্র ১.২৫ শতাংশ। অথচ উচ্চশিক্ষিত স্নাতকদের বেকারত্বের হার ১৩.৫৪ শতাংশ। একদিকে আমাদের লাখ লাখ শিক্ষিত তরুণ কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি অনুযায়ী, আমাদের শিল্প এবং সেবা খাতের কারিগরি এবং প্রকৌশল পদের ২২.৭০ শতাংশ এবং প্রশাসনিক ও হিসাবরক্ষণ পদের ২৩.৩৬ শতাংশ বিদেশি কর্মীদের দখলে রয়েছে। এর অর্থ হলো আমাদের শ্রেণি কক্ষের পাঠদান এবং শিল্প প্রতিষ্ঠানের আধুনিক প্রযুক্তির মধ্যে এক বিশাল শূন্যতা বিরাজ করছে।
তিনি বলেন, বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনের প্রভাবে ২০৩০ সালের মধ্যে ৯ কোটি ২০ লাখ চাকরি বিলুপ্ত হবে এবং ১৭ কোটি নতুন ধারার কর্মসংস্থান তৈরি করবে। এই নতুন অর্থনীতিতে টিকে থাকতে হলে আমাদের উচ্চশিক্ষার আমূল পরিবর্তন দরকার। আধুনিক পৃথিবীতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, মানসম্মত শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে আমাদের আইনি কাঠামো পুনর্বিন্যাস, প্রাতিষ্ঠানিক সেতু বন্ধন তৈরি, শিল্প খাতে বাধ্যতামূলক গবেষণা, পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠদানের ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত এবং প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদদের ভিজিটিং ফ্যাকাল্টি ও মেন্টর হিসেবে শ্রেণিকক্ষের সঙ্গে সংযুক্ত করতে হবে।
সময়ের আলো/কেএইচও