প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংগৃহীত ছবি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবর্ষের শুরুতেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে এ প্রতিযোগিতা আয়োজন করতে হবে।
একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরুতেই ফুটবল, দাবা ও কাবাডিসহ নির্ধারিত খেলাগুলোর সুনির্দিষ্ট সময়সূচি একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।
চিঠিটি বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপারিনটেনডেন্ট এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ স্থাপন নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার কার্যবিবরণীর ৭.৬ নম্বর সিদ্ধান্তে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল।
সিদ্ধান্ত অনুযায়ী, দুই মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরের শুরুতেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে হবে। পাশাপাশি ফুটবল, দাবা ও কাবাডিসহ নির্ধারিত খেলাগুলোর সময়সূচি শিক্ষাবর্ষের শুরুতেই একাডেমিক ক্যালেন্ডারে আনুষ্ঠানিকভাবে যুক্ত করতে হবে।
এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সময়ের আলো/ইউএমএইচ