প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:৩২ পিএম
আহিদুল মোল্লা। ছবি : সংগৃহীতমুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় উপ একটি অটোরিক্সা গ্যারেজে ডাকাতি হয়েছে। ডাকাতির পর গ্যারেজ থেকে মালিক আহিদুল মোল্লার (৫৪) হাত-পা ও মুখবাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডাকাতদল গ্যারেজ থেকে ২টি অটোরিকশা, ১৬টি চার্জার ও ৬০টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে।
সোববার (২৩ নভেম্বর) রাত ৩টার দিকে শ্রীনগর উপজেলার পাটাভোগ হরি বাড়ি সংলগ্ন এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
গ্যারেজ মালিকের স্ত্রী হোসনা খাতুন জানান, শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের পাশে পাটাভোগ এলাকায় ওই গ্যারেজের দরজা ভেঙে ১০/১২ জনের ডাকাত দল ভেতরে প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগেই গ্যারেজ মালিক অহিদুল মোল্লা ও তার স্ত্রী হোসনা খাতুনকে (৪০) ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এসময় অহিদুল মোল্লা ডাক চিৎকার দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা কাপড় দিয়ে তার মুখ বেঁধে ফেলে। প্রায় একঘণ্টা ধরে ডাকাতি করার পর ডাকাত দলের এক সদস্য অহিদুলের মুখে কাপড় খুলে নাকের কাছে হাত নিয়ে নিঃশ্বাস পরীক্ষা করে দেখে মারা গেছেন। এর পরে তারা সন্দেহে দল নিয়ে দ্রুত সটকে পরে। যাওয়ার সময় তারা গ্যারেজ থেকে ২টি অটোরিকশা, ১৬টি চার্জার ও ৬০টি ব্যাটারি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অহিদুল মোল্লার বাড়ি কুমিল্লায়। তিনি গ্যারেজটি ৩ মাস আগে ভাড়া নেন। গ্যারেজে দ্বিতীয় স্ত্রী হোসনা খাতুনকে নিয়ে রাতে থাকতেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, রাত ৩টা থেকে ৪টার মধ্যে এই ঘটনা ঘটেছে। পুলিশ গ্যারেজ মালিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সময়ের আলো/জোই