বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে পরিচালিত বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫ আজ শুক্রবার (২১ আগস্ট) থেকে শুরু হচ্ছে। সারাদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ২৮৮টি কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নেবেন।
বাউবি সূত্রে জানা গেছে, বিএ ও বিএসএসের প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত মোট ২ লাখ ৪৭ হাজার ১৩ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৫ হাজার ৫৭৭ জন এবং নারী ১ লাখ ১ হাজার ৪৩৬ জন।
বিশ্ববিদ্যালয়ের নতুন সময়সূচি অনুযায়ী, প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার দুই বেলায় পরীক্ষা নেওয়া হবে। সকাল ও বিকেল— দুই অধিবেশনে অনুষ্ঠিত এ পরীক্ষা চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।
পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। পাশাপাশি বাউবির নিজস্ব ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র তদারক করবে।
পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানতে শিক্ষার্থীদের বাউবির অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সময়ের আলো/জেডি