নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (২১ আগস্ট) সকালে মদনপুর এলাকায় মহাসড়ক অবরোধের ফলে চিটাগাংরোড থেকে সোনারগাঁ পর্যন্ত সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
সকাল ৯টার দিকে বিক্ষোভকারীরা মদনপুর এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা টায়ার, বাঁশ ও কাঠে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ চলায় মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হন বুলবুল আহমেদ (৩৫)। পরে তিনি মারা যান। বুলবুল শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে এবং বন্দর থানার পশ্চিম শাখা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহর ভাষ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় স্থানীয় কিশোর গ্যাংয়ের কথিত নেতা শেখ সিফাতসহ কয়েকজনকে আসামি করা হয়।
মাছুম বিল্লাহর দাবি, ওই মামলা নিয়ে শেখ সিফাত ও তার সহযোগীদের সঙ্গে বুলবুলের বিরোধ চলছিল। এরই জেরে সালেহনগর এলাকায় তার ওপর হামলা চালানো হয়।
বিক্ষোভকারীদের দাবি, শেখ সিফাত ও তার সহযোগীদের গ্রেফতার না করা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করবেন না তারা।
সময়ের আলো/জেডি