রাজধানীর গুলিস্তানে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শুক্রবার (২১ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিন দুপুরে বঙ্গভবন ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, সাধারণ সময়ের তুলনায় পুরো এলাকায় নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে রয়েছে। বঙ্গভবনের সামনের দীর্ঘদিনের ব্যারিকেড সরিয়ে সড়ক ও ফুটপাত পরিষ্কার রাখা হয়েছে। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
গুলিস্তান থেকে বঙ্গভবনমুখী সড়কের ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ায় এলাকাটি অনেকটাই ফাঁকা হয়ে গেছে। বিভিন্ন সড়কে ডাইভারশন থাকায় যানবাহনও নিয়ন্ত্রিতভাবে চলাচল করছে। তবে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে।
বঙ্গভবনের বাইরের অংশ পরিচ্ছন্ন ও পরিপাটি করে সাজানো হয়েছে। প্রবেশপথ ও আশপাশের স্থাপনাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শপথ অনুষ্ঠান ঘিরে ভেতরেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে।
সময়ের আলো/এমকে