জামালপুরের মেলান্দহে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় শামছুদ্দিন আহমেদ রুবেল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ উপজেলার শাহাজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামছুদ্দিন আহমেদ রুবেল দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পূর্ব কামারের চর গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে। তিনি দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন।
দুর্ঘটনায় আহত দুজন হলেন দেওয়ানগঞ্জ উপজেলার হারুয়াবাড়ি এলাকার জয়নাল আবেদিনের ছেলে নাজমুল হোসাইন (৪৫) এবং ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ গ্রামের রফিকুল ইসলামের ছেলে প্রাইভেটকারচালক মেহেদী হাসান (২৮)।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামছুদ্দিন আহমেদ রুবেলকে মৃত ঘোষণা করেন। আহত নাজমুল হোসাইন ও মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুন্তাসির ইয়ামান আবিদ বলেন, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে শামছুদ্দিন আহমেদ রুবেল হাসপাতালে আনার আগেই মারা যান।
মেলান্দহ থানার উপপরিদর্শক জ্যোতির্ময় সরকার মিশু জানান, রাতে দেওয়ানগঞ্জ থেকে একটি প্রাইভেটকার জামালপুরের দিকে যাচ্ছিল। শাহাজাতপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে গাড়িতে থাকা তিনজনই গুরুতর আহত হন।
সময়ের আলো/এসএকে