সরকারের মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত হয়েছেন নতুন একজন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। হুমায়ুন কবিরকে দায়িত্ব দেওয়ার ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে এখন দুই প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া হুমায়ুন কবির মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।
এদিকে হুমায়ুন কবিরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শামা ওবায়েদ ইসলাম। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের সময় তিনি এ দায়িত্ব পান। নতুন দফতর বণ্টনের পরও তিনি একই পদে বহাল থাকছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকায় কোনো সমস্যা হবে কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকলে তো অসুবিধা নেই।’
আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে হুমায়ুন কবিরের দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে যুক্ত তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকাকালে পররাষ্ট্রনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সরকারের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হুমায়ুন কবির।
সময়ের আলো/কেএইচও