জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপিতে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠনের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে শূন্য থাকা ভাইস চেয়ারম্যানসহ কেন্দ্রীয় বিভিন্ন পদে নতুন মুখ আনার উদ্যোগ নিয়েছে দলটির হাইকমান্ড।
দলীয় সূত্র জানায়, বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যানের ১২টি পদ শূন্য রয়েছে। মৃত্যু, পদত্যাগ ও বহিষ্কারের কারণে এসব পদ খালি হয়েছে। প্রবীণ ও মধ্যম সারির নেতাদের মধ্য থেকে যোগ্যদের এসব পদে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি কেন্দ্রীয় দফতরেও নতুন দায়িত্ব বণ্টনের সম্ভাবনা রয়েছে।
আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চে বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। কাউন্সিলের আগে চার-পাঁচ মাসে জেলা, উপজেলা, মহানগরসহ বিভিন্ন সাংগঠনিক ইউনিট পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া হবে।
দল পুনর্গঠনে তরুণ, মেধাবী ও ক্লিন ইমেজের নেতাদের গুরুত্ব দেওয়ার পাশাপাশি নেতৃত্বে বিকেন্দ্রীকরণের ওপর জোর দেওয়া হচ্ছে। মন্ত্রী ও সংসদ সদস্যদের সাংগঠনিক পদে না রেখে ‘এক নেতা, এক পদ’ নীতি কার্যকরের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
দলের স্থায়ী কমিটির ১৯টি পদের মধ্যে বর্তমানে তিনটি শূন্য। ইতোমধ্যে রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে কেন্দ্রীয় দফতরের দায়িত্বে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল ও সৈয়দ এমরান সালেহের মধ্যে কাউকে আনার আলোচনা চলছে। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনগুলোতেও শিগগির নতুন নেতৃত্ব আসতে পারে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘দল পুনর্গঠনের কাজ চলমান রয়েছে, যা দলের জাতীয় কাউন্সিলের মাধ্যমে শেষ হবে।’
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কাউন্সিল সামনে রেখে দল পুনর্গঠনের কাজ চলমান রয়েছে।’
সময়ের আলো/এমকে