সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামলীপাড়া-কয়রা আঞ্চলিক সড়কের উল্লাপাড়া পৌর শহরের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা এবং সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন শিক্ষক মোশাররফ হোসেন। পথে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেলসহ ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক আটক করা হয়েছে তবে ট্রাকের চালককে গ্রেফতারতার করা যায়নি। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা হবে।
সময়ের আলো/জোই