গাজীপুরের শ্রীপুরে কৃষকদল নেতার ব্যক্তিগত অফিসে দুর্বৃত্তদের গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সময় গুলির শব্দ ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন কৃষকদল নেতা মো. জজ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আরএকে সিরামিক কারখানার সামনে জজ মিয়ার ব্যক্তিগত অফিসে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, রাতের দিকে একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে অফিসের সামনে অবস্থান নেয়। এ সময় দুর্বৃত্তরা লেজার লাইট দিয়ে জজ মিয়াকে লক্ষ্যবস্তু করে এবং পরে তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলি ছোড়ার পর মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জজ মিয়া চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জজ মিয়া জানান, তিনি রাতে তার ব্যক্তিগত অফিসে অবস্থান করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে তাকে লেজার লাইট দিয়ে লক্ষ্য করে। এরপর তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জজ মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, গুলি ছোড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জেডি/জোই