কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত দেবাশীষ ও তার পরিবারের শেষকৃত্য সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ‘হোটেল শিখা ইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ তার পরিবারের চার সদস্যের মরদেহ কুষ্টিয়ায়

2026-08-23T14:10:30+00:00
2026-08-23T14:10:30+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত দেবাশীষ ও তার পরিবারের শেষকৃত্য সম্পন্ন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ২:১০ পিএম 
আত্মীয়স্বজন ও সহকর্মীদের আহাজারি। ছবি : সময়ের আলো
ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ‘হোটেল শিখা ইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ তার পরিবারের চার সদস্যের মরদেহ কুষ্টিয়ায় দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে। সাংবাদিক দেবাশীষ দত্ত মুসলিম পরিবারে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ায়, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী স্বামী-সন্তানের সৎকার এবং স্ত্রী ও শ্বশুরের দাফন ধর্মীয় রীতি অনুযায়ী আলাদাভাবে সম্পন্ন করা হয়।

শনিবার (২২ আগস্ট) রাত ১টার পর কুষ্টিয়া মহাশ্মশানে সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্তের সৎকার করা হয়। এ সময় দেবাশীষের আত্মীয়স্বজন, এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এর আগে, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মডেল মসজিদে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে দেবাশীষের স্ত্রী আফসানা সিমমিন ও শ্বশুর আকরাম আলীর দাফন সম্পন্ন হয়। সেখানেও স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।


শনিবার রাত সাড়ে ১০টার দিকে দেবাশীষ দত্ত ও তার ছেলে স্বর্ণশীষ দত্তের মরদেহ কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার বাড়িতে এসে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সন্তান ও নাতির শোকে দেবাশীষের মা-বাবা, আত্মীয়স্বজন ও সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। শত শত মানুষের আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে।

অন্যদিকে, দেবাশীষের স্ত্রী আফসানা সিমমিন ও শ্বশুর আকরাম আলীর মরদেহ কুষ্টিয়া শহরের থানাপাড়ার বাসায় পৌঁছালে সেখানেও পরিবার ও স্বজনদের আর্তনাদে এক মর্মান্তিক পরিবেশের সৃষ্টি হয়।

একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা এই পরিবারের পাশে দাঁড়াতে সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আজকের পত্রিকা’ ও ‘চ্যানেল নাইন’-এর কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা সিমমিন (২৫), ছেলে স্বর্ণশীষ দত্ত (৩) এবং শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হন। দীর্ঘ চার দিন আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হয়। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট ভারতে গিয়েছিলেন দেবাশীষ দত্ত এবং ১৯ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। এই মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কলকাতা  অগ্নিকাণ্ড  নিহত  কুষ্টিয়া  মরদেহ  শেষকৃত্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: