বিদ্যুৎ বিপর্যয়ে পানির সংকট, চরম দুর্ভোগে বোয়ালখালী

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

ট্রান্সফরমার বিকল হয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎ সরবরাহে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানির মোটর চালানো

2026-08-24T05:54:42+00:00
2026-08-24T05:54:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ট্রান্সফরমার বিকল
বিদ্যুৎ বিপর্যয়ে পানির সংকট, চরম দুর্ভোগে বোয়ালখালী
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:৫৪ এএম 
ছবি : সংগৃহীত
ট্রান্সফরমার বিকল হয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎ সরবরাহে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানির মোটর চালানো যাচ্ছে না। ফলে বাসাবাড়িতে দেখা দিয়েছে পানির সংকট। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভোগান্তি বেড়েছে। পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, হাসপাতালের সেবা ও শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম।

গত শুক্রবার রাত ২টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। পরে বিদ্যুৎ এলেও তা স্থায়ী হয়নি। কখনো দুই ঘণ্টা পর আধা ঘণ্টার জন্য বিদ্যুৎ আসছে, আবার চলে যাচ্ছে। এতে মোবাইল যোগাযোগ ও ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে।

একটি ভবনে ৩৬টি পরিবারের বসবাস। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সেখানে পানির মোটর চালানো সম্ভব হচ্ছে না। ভবনের বাসিন্দা ও শিক্ষিকা পলাশী ধর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুর্ভোগের কথা তুলে ধরে লিখেছেন, ‘এক ফোঁটা পানি নেই। রান্না করতে পারিনি। দুপুরে যা খেয়েছি, সব এঁটো থালা-বাসন এখনো পড়ে রয়েছে।’

তিনি জানান, মাঝেমধ্যে বিদ্যুৎ এলেও ট্যাংকে পানি তোলার মতো সময় পাওয়া যাচ্ছে না। ফলে ওয়াশরুম ব্যবহার, গোসল, রান্না ও ধর্মীয় আচার পালনের মতো দৈনন্দিন কাজও কঠিন হয়ে পড়েছে।

বিদ্যুৎ না থাকায় শিশু ও অসুস্থ ব্যক্তিদের নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইলের চার মাস বয়সী শিশুকে নিয়মিত নেবুলাইজার দিতে হয়। কিন্তু বিদ্যুৎ না থাকায় সময়মতো নেবুলাইজার দেওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

বিদ্যুৎবিহীন অবস্থায় এইচএসসি পরীক্ষার্থীদেরও পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষার্থী ইমতিয়াজ আহমেদ বলেন, বিদ্যুৎ না থাকায় অসহনীয় গরমে পরীক্ষা দিতে হয়েছে। অতিরিক্ত ঘামে পরীক্ষার খাতাও ভিজে গেছে।


বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব পড়েছে ব্যবসায়ও। কড়লডেঙ্গা ইউনিয়নের আছাদিয়া বেকারির ব্যবস্থাপক আজাদ বলেন, শুক্রবার থেকে বিদ্যুৎ না থাকায় তৈরি করা কাঁচামাল নষ্ট হয়েছে। উৎপাদন বন্ধ থাকায় ২০ হাজার টাকার বেশি ক্ষতি হতে পারে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানুনুল হক মামুন বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে হাসপাতালের জেনারেটরের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে জেনারেটর বিকল হওয়ার আশঙ্কা রয়েছে। রোগীদের পরীক্ষা-নিরীক্ষাসহ অন্তর্বিভাগ ও বহির্বিভাগের সেবা দিতে সমস্যা হচ্ছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নিয়ন্ত্রণাধীন টি কে সাবস্টেশনের একটি ট্রান্সফরমার বিকল হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পিজিসিবি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারটি পুনরায় চালু করতে প্রায় এক মাস সময় লাগতে পারে।

টি কে সাবস্টেশন থেকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোয়ালখালী এলাকায় দুটি ৩৩ কেভি ফিডারের মাধ্যমে প্রায় এক লাখ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হতো। বিকল্প ব্যবস্থায় সরবরাহ চালু রাখা হলেও তা চাহিদার তুলনায় কম। ফলে ঘন ঘন লোডশেডিং হচ্ছে।

পিজিসিবি সূত্র জানায়, টি কে কেমিক্যালের বকেয়া ও কম বিদ্যুৎ ব্যবহারের কারণে গ্রিডের দুটি ফিডার অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি।

এদিকে ত্রুটির খবর পেয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ পিজিসিবির কর্মকর্তারা সাবস্টেশন পরিদর্শন করেছেন। দ্রুত কারিগরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোয়ালখালী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শ ম মিজানুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার প্রতিস্থাপনের কাজ তদারক করা হচ্ছে। পাশাপাশি বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বিদ্যুৎ  বিপর্যয়  পানি  সংকট  দুর্ভোগ  বোয়ালখালী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: