চট্টগ্রামের বোয়ালখালীতে রেললাইনের পাশে সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার পৌর সদরে থানার নতুন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে একটি সিএনজিচালিত টেম্পো পার্ক করে রাখা ছিল। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় টেম্পোর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিশুসহ ট্রেনের দুই যাত্রী আহত হন।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল তারেক বলেন, এ ঘটনায় শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন। পর্যটক এক্সপ্রেসের ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার জন্য দায়ী টেম্পোটি (চট্ট মেট্রো-ফ ১১-০৪১৬) এবং খুলে পড়া দরজাটি হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
রেলওয়ের পয়েন্টম্যান রফিকুল ইসলাম বলেন, রেললাইনের পাশে গাড়ি পার্ক করে রাখার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। খুলে পড়া দরজাটি উদ্ধার করে গোমদণ্ডী স্টেশনে রাখা হয়েছে।
সময়ের আলো/এনএন/আতা