ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

শাকিল আহমেদ

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে নির্বাচন কমিশন। আগামী ১৫ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ

2026-08-25T02:25:33+00:00
2026-08-25T02:25:33+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
জাতীয়
ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে
শাকিল আহমেদ
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:২৫ এএম 
নির্বাচন ভবন । ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে নির্বাচন কমিশন। আগামী ১৫ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন শুরুর পরিকল্পনা করছে কমিশন। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের সবশেষ নির্বাচনসহ প্রয়োজনীয় তথ্য চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাঠানো চিঠি পাওয়ার পর ভোটের প্রস্তুতিও জোরদার করেছে ইসি। তবে সীমানা জটিলতা ও মামলা রয়েছে- এমন ইউনিয়নগুলোকে আপাতত নির্বাচনের বাইরে রাখার কথা জানিয়েছে কমিশন।

গত ২ আগস্ট ইসিতে পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘জেলা প্রশাসকগণ কর্তৃক প্রেরিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বচন অনুষ্ঠানের নিমিত্ত সবশেষ অনুষ্ঠিত সাধারণ নির্বাচন ও অন্যান্য তথ্যাদি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হলো।’

এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ সময়ের আলোকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমাদের সব প্রস্তুতি আছে। সরকারের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমরা মনে করি নির্বাচনের জন্য উপযুক্ত সময় হলো নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাস। এ সময়ে আমরা নির্বাচন শুরু করার চেষ্টা করব। যতগুলো সম্ভব করব। কারণ ফেব্রুয়ারিতে রমজান আছে। মার্চে শেষের দিকে কিছু নির্বাচন করা যেতে পারে। এরপর আমাদের দেশে ঝড়-তুফান হয়। সবকিছু মাথায় রেখে আগামী ১৫ সেপ্টেম্বর তফসিল ও নভেম্বরে ভোট শুরুর কথা ভাবছি। এটিকে ধরেই আমরা এগোচ্ছি।

এর মধ্যে শিক্ষার্থীদের কোনো পরীক্ষা থাকে কি না সেটি আমরা বিচার-বিশ্লেষণ করব। নির্বাচনের জন্য আমাদের দেশে ভালো সময় হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাস। এ পাঁচ মাস হলো ভালো সময়। কিন্তু মাঝখানে রমজান পড়ে গেছে। এই সময়ে কোনো ভোট হবে না। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনটা আমরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করব। ইউনিয়ন পরিষদের সঙ্গে সঙ্গে পৌরসভা নির্বাচনও করার কথা রয়েছে। তবে আগামী বছরে সব নির্বাচন শেষ হবে বলে না মনে হয়।

নির্বাচনের বাজেট নির্ধারণ হয়েছে কি না জানতে চাইলে ইসি বলেন, কত টাকা ব্যয় হবে এখনও জানি না। তবে আমরা মিতব্যয়ী হওয়ার চেষ্টা করব।

ইউপিতে কয় ধাপে নির্বাচন হবে জানতে চাইলে আব্দুর রহমানেল মাছউদ বলেন, আগে যত ধাপে হয়েছে মোটামুটি ওভাবেই হবে। তিনি আরও বলেন, কোনো ইউপিতে মামলা থাকলে সেগুলো আমরা বাদ দেব। এ ছাড়া ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ নিয়ে সরকারের সঙ্গে কথা চলছে। আমরা বলছি, যেগুলোতে জটিলতা আছে সেগুলো ঠিক করে ফেলেন। তবে এ সংখ্যা খুব বেশি না। কারণ আমাদের কাছেও তো হিসাব আছে। যেখানে জটিলতা আছে সেখানে আমরা নির্বাচন করব না।


ভোটের প্রস্তুতির বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, নভেম্বরকে সামনে রেখে আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সে ক্ষেত্রে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ ছাড়া পোলিং স্টেশন, প্রকিউরমেন্টসহ সব ধরনের প্রস্তুতি নিয়েই আমরা এগোচ্ছি।

ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন যাতে সংসদ নির্বাচনের মতো সুন্দর হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসব। এরই মধ্যে পুলিশ প্রধানের সঙ্গে সিইসির আলোচনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে যা করার তাই করব। কোনো রকম ঝামেলা করতে দেব না। আইনশৃঙ্খলার সংজ্ঞায় সেনাবাহিনী যুক্ত করা হলেই যে সেনাবাহিনী নিয়োগ করতে হবে এটি কিন্তু না। আমরা নির্বাচন সহজ করার জন্য যুক্ত করেছি। যদি কোথাও দরকার হয় তা হলে মোতায়ন করব।

ভোটের প্রস্তুতি : ইসি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের মালামাল কিনেছে ইসি। সংসদ নির্বাচনের আগে ছোট হোসিয়ান ব্যাগ ও গানি ব্যাগ প্রতিটি ১ লাখ ১৫ হাজার পিস, বড় হোসিয়ান ব্যাগ ৭৫ হাজার পিস, মার্কিং সিল ১৭ লাখ ৫০ হাজার পিস, অফিসিয়াল সিল ৮ লাখ ৪০ হাজার পিসসহ অন্যান্য নির্বাচনিসামগ্রী কেনা হয়। ওইসব সামগ্রী বিপুল পরিমাণ রয়েছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য। ইসি কর্মকর্তারা জানান, সংসদের পর যাতে দ্রুত স্থানীয় সরকারের কিছু প্রতিষ্ঠানের নির্বাচন করা যায়, সে জন্য এসব মালামাল আগেই কেনা হয়েছিল। কারণ নির্বাচনি মালামাল ক্রয় প্রক্রিয়া শেষ করতে কয়েক মাস সময় লাগে।

আইনশৃঙ্খলা প্রস্তুতি : স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রধানের (আইজিপি) কাছে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গত মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির দফতরে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পুলিশ প্রধান আলী হোসেন ফকির। তিনি বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু আলোচনা করেছি। সেখানে আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সেল গঠন, বিভিন্ন জেলা-উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে শিগগিরই পরিস্থিতি প্রতিবেদন ইসিকে দেওয়া হবে। পুলিশ মহাপরিদর্শক বলেন, আমাদের কাছে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দিতে বলেছে। আমরা শিগগির সেটি দিয়ে দেব।

স্থানীয় সরকার নির্বাচনে যারা অংশ নিতে পারবেন না : স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপি এবং খেলাপি ঋণের জামিনদাররা প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে ইসি। এ ছাড়া বাকি সব প্রার্থীরা আগের নিয়মে অংশ নিতে পারবে। ইসি সূত্র জানায়, সম্প্রতি কমিশন সভায় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত আইন সংশোধনের বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হয়। নির্বাচন কমিশন আগামী নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় আইনি কাঠামো চূড়ান্ত করেছে।

বর্তমানে দেশে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা, ১৩টি সিটি করপোরেশন এবং ৬১টি জেলা পরিষদ রয়েছে। ২০২৪ সালের ১৯ আগস্ট এক প্রজ্ঞাপনে দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়র এবং আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে সব কাউন্সিলরকে অপসারণ করেছিল অন্তর্বর্তী সরকার। এরপর ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা পরিষদ ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে অন্তবর্তী সরকার। এ ছাড়া ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদও হয়ে পড়েছে জনপ্রতিনিধিহীন। ফলে দুই বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই চলছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান।

সময়ের আলো/প্রিন্ট/টিকে


  বিষয়:   ইউপি  নির্বাচন  তফসিল  ১৫ সেপ্টেম্বর  ভোট  নভেম্বর  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: