ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা করতে যাচ্ছে সরকার। কোন এলাকায় এসব রিকশা চলতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় এতে নির্ধারণ করা হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার বড় ও প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়েছে। এতে সাধারণ মানুষের যাতায়াতে কিছুটা সুবিধা হলেও যানজটসহ নানা সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি এবং এসব যানবাহনের নিরাপত্তা ও মান নিয়েও প্রশ্ন রয়েছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, নীতিমালার মাধ্যমে এসব যান কোথায় এবং কতটুকু চলাচল করতে পারবে, সেই সীমা নির্ধারণ করা হবে।
পাশাপাশি যানবাহনের মান নিশ্চিত ও চালকদের প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্ব পাবে। এর মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার চলাচলে শৃঙ্খলা ফিরবে বলে সরকার আশা করছে বলে জানান তিনি।
সময়ের আলো/এমকে