মেহেরপুর শহরে বাড়িতে ঢুকে প্রেমিকার ডান হাত কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে শাইওন নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে বাবা-মাকেও কুপিয়ে আহত করার অভিযোগ রয়েছে।
মঙ্গবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত তরুণী স্মৃতি আক্তার ওই এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের মেয়ে। এ ঘটনায় স্মৃতির বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনও আহত হয়েছেন।
গুরুতর আহত তিনজনকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সেলিম হোসেনের বাড়িতে ঢুকে শাইওন তার প্রেমিকা স্মৃতি আক্তারের ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে কুপিয়ে স্মৃতির ডান হাত বিচ্ছিন্ন করে দেয়।
এ সময় মেয়ের চিৎকারে পাশের কক্ষ থেকে তার বাবা-মা ছুটে এলে তাদের ওপরও হামলা চালায় শাইওন। এতে তারাও আহত হন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত শাইওনকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয়রা জানান, অভিযুক্ত শাইওন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ঘটনার পর অভিযুক্ত শাইওনকে গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও হামলার পেছনের বিস্তারিত বিষয় তদন্তের পর জানা যাবে।
সময়ের আলো/জোই