নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে। এসময় তিনজন আহত হয়। বজ্রপাতের বিকট শব্দে আহতদের শ্রবণশক্তি কমে গেছে। পরে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরঞ্জন দাসের ছেলে। আহতরা হলেন-একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তাঁরা সবাই পেশায় জেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর রাতে তারা একটি নৌকায় করে মহিষাসুরা হাওরে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা রতন দাসসহ অন্যরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রতন দাসকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সময়ের আলো/এসএকে