রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবারের চার সদস্য হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই গভীর রাতে একটি বাসায় চুরি করতে ঢুকে এক কিশোরীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ আশিক (২২) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৩টার দিকে নগরীর পূর্ব শালবন শিক্ষাঙ্গণ এলাকায় এ ঘটনা ঘটে। আটক আশিক তাঁতিপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে পূর্ব শালবন এলাকায় ভাড়া থাকেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে ভেন্টিলেটর দিয়ে ওই বাসায় প্রবেশ করেন আশিক। এরপর ঘরের এক কোণে থাকা কাপড় রাখার বড় ঝুড়ির ভেতরে লুকিয়ে থাকেন। পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে সেখান থেকে বের হন তিনি।
এ সময় এক কিশোরী বিষয়টি টের পেয়ে জেগে উঠলে আশিক তার গলায় ওড়না পেঁচিয়ে টান দেন বলে অভিযোগ উঠেছে। কিশোরীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে আশিককে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান বলেন, ‘ফজরের নামাজে যাওয়ার সময় দেখি, এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। কিশোরী বিষয়টি টের পেয়ে উঠে দাঁড়ালে ওই যুবক ওড়না দিয়ে তার গলায় পেঁচিয়ে টান দেন। পরে কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে ধরে ফেলেন।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, চুরি করতে ঘরে ঢোকার পর কিশোরী তাকে দেখে ফেলায় শ্বাসরোধের চেষ্টা করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
ওসি আরও জানান, অভিযুক্ত আশিক বর্তমানে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন।
সময়ের আলো/এসএকে