প্রতি ১০ জন ইরানির ৯ জনই বিয়ে ও সন্তান নিতে অনাগ্রহী, কী কারণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে বিয়ে ও পরিবার গঠনের প্রতি মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো একটি জরিপে অংশ নেওয়া প্রায়

2026-08-26T19:52:38+00:00
2026-08-26T19:52:38+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
প্রতি ১০ জন ইরানির ৯ জনই বিয়ে ও সন্তান নিতে অনাগ্রহী, কী কারণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৭:৫২ পিএম 
প্রতি ১০ জন ইরানির ৯ জনই বিয়ে ও সন্তান নিতে অনাগ্রহী, কী কারণ
ইরানে বিয়ে ও পরিবার গঠনের প্রতি মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো একটি জরিপে অংশ নেওয়া প্রায় ৯০ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা বিয়ে করতে কিংবা সন্তান নিতে আগ্রহী নন। জীবনযাত্রার বাড়তি খরচ, অর্থনৈতিক অনিশ্চয়তা, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিসহ নানা কারণে তারা এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে পরিচালিত ওই জরিপে প্রায় ১ লাখ মানুষ অংশ নেন। তাদের মধ্যে অধিকাংশই বিয়ে ও সন্তান নেওয়ার ক্ষেত্রে অনাগ্রহের পেছনে দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতিকে দায়ী করেছেন।

জরিপে ১২ হাজারের বেশি মন্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, অর্থনৈতিক চাপই ছিল সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। অংশগ্রহণকারীদের অনেকে জানিয়েছেন, বাড়িভাড়া, চাকরির অনিশ্চয়তা এবং দৈনন্দিন ব্যয় মেটাতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে স্ত্রী বা সন্তানের দায়িত্ব নেওয়ার কথা ভাবলে তারা আরও উদ্বিগ্ন হয়ে পড়ছেন।
 
অনেকে আবার বলেছেন, তারা বিয়ে ও সন্তান নিতে চান। কিন্তু বর্তমান আর্থিক অবস্থায় একটি পরিবার গড়ে তোলা তাদের জন্য কঠিন। বিশেষ করে সন্তানদের ভবিষ্যৎ, শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারবেন কি না—এ নিয়ে তাদের মধ্যে আশঙ্কা রয়েছে।

বিয়েকে ঝুঁকিপূর্ণ মনে করছেন অনেকে

শুধু অর্থনৈতিক কারণেই ইরানিদের মধ্যে বিয়ের প্রতি অনীহা তৈরি হয়নি। ব্যক্তিগত অভিজ্ঞতা ও বৈবাহিক সম্পর্কের নানা সমস্যাও এর পেছনে ভূমিকা রাখছে।

জরিপের মন্তব্যগুলোতে অনেকে বিবাহবিচ্ছেদ, পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ ও দাম্পত্য জটিলতার কথা উল্লেখ করেছেন। ইতোমধ্যে বিবাহিত কিছু মানুষও মন্তব্য করেছেন, বর্তমান পরিস্থিতিতে বিয়ে না করাই হয়তো ভালো সিদ্ধান্ত হতে পারে।

তবে খুব অল্পসংখ্যক অংশগ্রহণকারী বিয়ে ও সন্তান নেওয়ার পক্ষে মত দিয়েছেন।

সন্তানদের ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন বাবা-মায়েরা

সন্তান নেওয়ার বিষয়ে বর্তমান বাবা-মায়ের মধ্যেও উদ্বেগ দেখা গেছে। তাদের অনেকের প্রশ্ন—বর্তমান পরিস্থিতিতে সন্তানকে দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে দূরে রাখা সম্ভব হবে কি না।

সন্তানের ভালোভাবে বেড়ে ওঠা, প্রয়োজনীয় চাহিদা পূরণ এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন কি না, এসব নিয়েও তারা চিন্তিত।

কিছু অংশগ্রহণকারী দাবি করেছেন, বর্তমান সামাজিক পরিস্থিতিতে শিশু-কিশোরদের বিভিন্ন অপরাধ ও ঝুঁকির মধ্যে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে সন্তানকে নিরাপদ ও সুন্দর পরিবেশে বড় করা নিয়েও বাবা-মায়েদের মধ্যে উদ্বেগ বাড়ছে।


পরিবেশগত সমস্যাও বাড়াচ্ছে উদ্বেগ

জরিপে অংশ নেওয়া অনেকে ইরানের পরিবেশগত সমস্যার কথাও তুলে ধরেছেন। বায়ু ও পানি দূষণ, বনাঞ্চলে আগুন এবং পরিবেশগত অব্যবস্থাপনা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

তাদের মতে, দুর্বল পরিবেশব্যবস্থা, পর্যাপ্ত সম্পদের অভাব, দুর্নীতি ও বিভিন্ন সরকারি নীতির কারণে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

রাজনৈতিক পরিস্থিতিও বড় কারণ

দেশটির রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিও বিয়ে ও সন্তান নেওয়ার সিদ্ধান্তে প্রভাব ফেলছে বলে জানিয়েছেন অনেকে।

দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা, সরকারবিরোধী আন্দোলন ও বিভিন্ন সহিংস ঘটনার কারণে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সন্তান নেওয়াকে অনেকেই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

কারা অংশ নিয়েছেন জরিপে?

জরিপে অংশ নেওয়া মানুষের মধ্যে ৬৮ শতাংশ পুরুষ এবং ৩২ শতাংশ নারী। অংশগ্রহণকারীদের বড় একটি অংশের বয়স ছিল ২৫ থেকে ৩৪ বছর।

জরিপে পাওয়া হাজার হাজার মন্তব্য থেকে যে চিত্র উঠে এসেছে, তাতে দেখা যায়— ইরানিদের বিয়ে ও সন্তান নেওয়ার অনাগ্রহের পেছনে শুধু ব্যক্তিগত পছন্দ কাজ করছে না। বরং অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয়, চাকরির অনিশ্চয়তা, সামাজিক সমস্যা, রাজনৈতিক অস্থিরতা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, সব মিলিয়েই অনেক তরুণ-তরুণী পরিবার গঠনের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাচ্ছেন।


সময়ের আলো/ইউএমএইচ 


  বিষয়:   ইরান  বিয়ে  সন্তান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: