কুয়েতে সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন নামে এক বংলাদেশি নিহত হয়েছেন। কুয়েতের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার মরদেহ শুক্রবার (২৮ আগস্ট) সকালে চট্টগ্রামে এসে পৌঁছানোর কথা রয়েছে বলে জানা গেছে।
কামাল হোসেন (৩৫) চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার মরহুম আবদুল মোনাফের দ্বিতীয় পুত্র।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) কাজ শেষে বাসায় ফেরার পথে সুয়েগ এলাকায় সড়ক পার হয়ে একটি গ্যারেজের সামনে দাঁড়িয়েছিলেন কামাল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কামাল হোসেন দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত ছিলেন। দুই বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া কামালের এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বড় ভাই গুলজার হোসেন জানান, কুয়েতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কামালের মরদেহ শুক্রবার সকালে চট্টগ্রামে এসে পৌঁছানোর কথা রয়েছে।
সময়ের আলো/কেএইচও