মানুষের গড়া সবচেয়ে দ্রুতগতির রেকর্ড এবার চুরমার করে দিল মানুষেরই তৈরি এক হিউম্যানয়েড রোবট। ১০০ মিটারের ট্র্যাকে সর্বকালের সেরা দৌড়বিদ উসাইন বোল্টের ৯.৫৮ সেকেন্ডের ইতিহাসখ্যাত বিশ্বরেকর্ড ভেঙে নতুন এক মাইলফলক স্থাপন করেছে কৃত্রিম অ্যাথলেট 'তিয়ানগং আল্ট্রা'।
বেইজিংয়ে আয়োজিত ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে’ তিয়ানগং আল্ট্রা ১০০ মিটারের ফাইনাল ট্র্যাকে মাত্র ৮.৬৪ সেকেন্ডে ফিনিশিং লাইন ছুঁয়ে গোল্ড মেডেল ছিনিয়ে নিয়েছে। প্রতিযোগিতা জুড়েই রোবটটি তার চমক বজায় রেখেছিল।
চূড়ান্ত লড়াইয়ের আগেই হিটের ধাপে ৯.৩৯ ও ৯.৩২ সেকেন্ডের টাইমিং করে সে বোল্টের রেকর্ড ডিঙ্গানোর পূর্বাভাস দিয়ে রেখেছিল। পরবর্তীতে ফাইনালে অবিশ্বাস্য ৮.৬৪ সেকেন্ডের ফিনিশিংয়ে নতুন এই রেকর্ড নিজের নামে লিখে নেয় সে।
লক্ষ লক্ষ ডলার ব্যয়ে প্রস্তুত করা বিভিন্ন হিউম্যানয়েড রোবট নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় নানা রোমাঞ্চকর ঘটনা ঘটে। সঠিক বুদ্ধিমত্তার অভাবে কোনো কোনো রোবট ট্র্যাকের বাইরে ছিটকে পড়ে, আবার বিকল হওয়া অনেক রোবটকে মানুষের মতোই স্ট্রেচারে করে উদ্ধার করতে হয়।
কিন্তু সব প্রতিকূলতা জয় করে তিয়ানগং আল্ট্রা ফিনিশিং লাইন স্পর্শ করেই উসাইন বোল্টের সেই বিখ্যাত সিগনেচার স্টাইলে জয় উদযাপন করে। ট্র্যাকে রোবটের এই অভূতপূর্ব পারফরম্যান্স স্পষ্ট জানিয়ে দিল—গতির দুনিয়ায় এক নতুন প্রযুক্তিনির্ভর যুগের সূচনা হয়ে গেছে।
সময়ের আলো/টিকে