সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালকের দায়িত্বে সাড়ে নয় বছরের অধ্যায় শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটির সম্মাননীয় ফেলো হিসেবে দায়িত্ব নেবেন ড. ফাহমিদা খাতুন।
সিপিডির ৬৮তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. ফাহমিদা খাতুন ২০০৩ সাল থেকে সিপিডির সঙ্গে যুক্ত। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির গবেষণা কার্যক্রমের পরিধি, বৈচিত্র্য ও মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তার সময়ে সিপিডির অর্থায়নপ্রাপ্ত প্রকল্প, উন্নয়ন সহযোগী ও গবেষণা কর্মসূচির সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়। ধারাবাহিক সম্পদ আহরণ, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে এ সময়ে সিপিডির উন্নয়ন তহবিল প্রায় ৫৯০ শতাংশ এবং বার্ষিক আয় প্রায় ১৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়া সিপিডির অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়ন, কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও প্রকাশনার মানোন্নয়ন, ডিজিটালাইজেশন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
সিপিডিতে যোগ দেওয়ার আগে ড. ফাহমিদা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা ফেলো ছিলেন। তিনি ইউএনডিপি ও ইউএসএআইডি মিশনেও ঊর্ধ্বতন দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়িয়েছেন।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে পিএইচডি ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ড. ফাহমিদা। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণাও করেছেন তিনি।
সামষ্টিক অর্থনৈতিক নীতি, রাজস্ব ও মুদ্রানীতি, ব্যাংকিং ও আর্থিক খাতের সুশাসন, আন্তর্জাতিক বাণিজ্য এবং স্বল্পোন্নত দেশের অর্থনৈতিক রূপান্তর নিয়ে তার গবেষণা রয়েছে। বর্তমানে তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি ব্র্যাক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সময়ের আলো/এমকে