ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরি নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পলো বাউয়া উৎসব।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে এ উৎসবের আয়োজন করা হয়।
সকাল থেকেই স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ পলো, জালসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে নদীতে জড়ো হন। একপর্যায়ে নদীতে একসঙ্গে শত শত মানুষ নেমে পড়লে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও এতে অংশ নেন।
পলো হাতে নদীতে মাছ ধরার দৃশ্য দেখতে নদীর দুপাড়ে ভিড় করেন উৎসুক মানুষ। দীর্ঘদিনের গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে আয়োজিত এ পলো বাউয়া উৎসব স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
স্থানীয় আবু রায়হান বলেন, ‘পলো বাউয়া শুধু মাছ ধরার উৎসব নয়, এটি আমাদের শেকড় ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা একটি আনন্দের আয়োজন। দীর্ঘদিন পর সবাই মিলে এমন উৎসবে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ঐতিহ্য ধরে রাখতে চাই।’
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে নদী-খাল ও জলাশয়ে পানি বাড়লে পলো দিয়ে মাছ ধরার এমন আয়োজন গ্রামবাংলার পুরনো ঐতিহ্য। কর্মব্যস্ত জীবনের মাঝে এ ধরনের উৎসব মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করে।
সময়ের আলো/মহু