দিনাজপুরে মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। দুটি বাস এবং একজন সংবাদকর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে দিনাজপুর মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে গ্রেফতার করে পুলিশ। তাকে ছাড়াতে শ্রমিকরা বেশ কয়েকবার থানায় গেলেও কোনো সমাধান হয়নি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে দিনাজপুরের জেলা শহরের সঙ্গে আভ্যন্তরিনসহ অন্য জেলার সঙ্গে সড়কের বিভিন্ন পয়েন্টে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা।
বেলা পৌনে ১১টার দিকে কোতয়ালী থানার ভিতরে শ্রমিকদের পক্ষে এবং বিপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে পাঁচ থেকে সাতজন শ্রমিক আহত হয়।
বিকেল সোয়া তিনটার দিকে কোতোয়ালি থানার সামনে আবারও দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় দুটি বাসে এবং একজন সংবাদকর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও থানার সামনে থাকা বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়। পরে গ্রেফতার হওয়া শ্রমিক নেতা শেখ বাদশাকে আদালতে নেয় পুলিশ।
এদিকে, সড়ক অবরোধের কারণে দূরপাল্লাসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছে ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ নাগরিকসহ অন্যান্যদের।
পুলিশ জানিয়েছে, শ্রমিক নেতা শেখ বাদশার বিরুদ্ধে আগের দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
অন্যদিকে শেখ বাদশার স্ত্রী ও সমর্থকদের অভিযোগ, মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী তার স্বামীকে অংশ গ্রহণে বাধা দিতেই প্রতিপক্ষের প্ররোচনায় ভুয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের সহকারী নির্বাচন কমিশনার ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল জানান, বৃহস্পতিবার জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের মনোনয়নপত্র বিক্রির দিন ধার্য ছিল। কিন্তু শেখ বাদশাকে গ্রেফতার করায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। এ কারণে মনোনয়নপত্র বিক্রি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরে গ্রেফতার হওয়া শ্রমিক নেতা শেখ বাদশাকে আদালতে নেয় পুলিশ।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. আনোয়ার হোসেন জানান, পূর্বের তিনটি মামলায় শ্রমিক নেতা শেখ বাদশাকে আটক করা হয়েছে। তাকে আটকের পর কিছু শ্রমিক বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করছেন। আমরা মানুষের ভোগান্তি কমাতে সবাইকে নিয়ে বসে দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করবো। তাকে আদালতে পাঠানো হবে। আইনি প্রক্রিয়ায় তার মুক্তি হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সময়ের আলো/জোই