১৩ বছর পর আবারও সান্তিয়াগো বার্নাব্যুর ডাগআউটে ফিরলেন হোসে মরিনহো। পুরোনো ঠিকানায় তার প্রত্যাবর্তনের রাতটিকে স্মরণীয় করে রাখলেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে অন্য গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র।
ফলটা বড় হলেও ম্যাচের শুরুটা খুব স্বস্তির ছিল না স্বাগতিকদের। ১১ মিনিটেই সোসিয়েদাদের হয়ে প্রথম বড় সুযোগ পান মিকেল ওরাইসাবাল। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে তার নেওয়া শট পা দিয়ে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। ১০ মিনিট পর রিয়ালের সামনে সুযোগ আসে। এমবাপের পাস থেকে ভিনিসিয়ুস গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি।
৪০তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের চমৎকার পাস নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারকে এড়িয়ে নিখুঁত শটে গোল করেন এমবাপে। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। বিরতির ঠিক আগে ডিফ্লেক্ট হয়ে আসা বল কাজে লাগিয়ে লুকা সুচিচ গোল করলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
বিরতির পর অবশ্য পুরোপুরি বদলে যায় রিয়াল। আক্রমণের গতি বাড়িয়ে একের পর এক চাপ সৃষ্টি করে মরিনহোর দল। ৬০ মিনিটে জুড বেলিংহামের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে। আট মিনিট পর আবারও বেলিংহামের অবদানে গোল পায় রিয়াল। ইংলিশ মিডফিল্ডারের পাস থেকে ব্যবধান ৩-১ করেন ভিনিসিয়ুস। এরপর ৮০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ মরিনহো বলেন, কিলিয়ান একজন অবিশ্বাস্য রকমের ভালো খেলোয়াড়। শিরোপাবিহীন ৬০ গোলের চেয়ে শিরোপাসহ ৪০ গোল আমার বেশি পছন্দ।’ পর্তুগিজ কোচ আরও যোগ করেন, ‘ফরোয়ার্ডদের ক্ষেত্রে যেমনটা প্রায়ই দেখা যায় নিজে একা খেলার চেয়ে দলের জন্য অনেক বেশি খাটুনি আছে এমন ৪০ গোল আমার কাছে বেশি কাম্য। আমি তাকে নিয়ে খুবই খুশি। মরিনহোর জন্যও ম্যাচটি ছিল বিশেষ।
১৩ বছর পর বার্নাব্যুতে ফিরেই জয় পেলেন তিনি। লা লিগায় নিজেদের মাঠে এটি তার ৫৮তম ম্যাচে ৫০তম জয়। রিয়ালের কোচ হিসেবে বার্নাব্যুতে লিগে তার দলের গোলসংখ্যাও পেরিয়েছে ২০০। ম্যাচের শুরুতে অবশ্য গ্যালারি থেকে দুয়ো শুনতে হয়েছিল মরিনহোকে। তবে শেষ বাঁশি বাজার সময় সেই বার্নাব্যুই করতালিতে ভাসিয়েছে তাকে। ১৩ বছর পর পুরোনো ঘরে ফিরে তাই জয় দিয়েই শুরু হলো মরিনহোর নতুন রিয়াল অধ্যায়।
সময়ের আলো/প্রিন্ট/আতা