কর্ণফুলীতে চিকিৎসার অবহেলায় নবজাতকের মৃত্যু, ধামাচাপা দিতে লাখ টাকায় ‘রফাদফা’!

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের কর্ণফুলীতে সাউথ চট্টগ্রাম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় তোলপাড় সৃষ্টি

2026-08-28T08:39:36+00:00
2026-08-28T08:39:36+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সারাদেশ
কর্ণফুলীতে চিকিৎসার অবহেলায় নবজাতকের মৃত্যু, ধামাচাপা দিতে লাখ টাকায় ‘রফাদফা’!
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৮:৩৯ এএম 
সাউথ চট্টগ্রাম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের কর্ণফুলীতে সাউথ চট্টগ্রাম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শিশুটির মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরিবারের ১ লাখ টাকায় সমঝোতা হওয়ার অভিযোগ উঠেছে।

স্বজনদের দাবি, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরও সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরিবারের সম্মতিতেই হাসপাতাল বিলসহ ১ লাখ টাকায় বিষয়টি সমাধান করা হয়েছে।

তবে অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেবুন্নেসা।

নবজাতকের বাবা মো. নাঈম উদ্দীন জানান, গতকাল দুপুর ১টার দিকে ডা. ফারজানা আক্তার বিউটির মাধ্যমে তার স্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের দাবি, রাত ১টা ২৫ মিনিটের দিকে নবজাতকটি স্বাভাবিকভাবে জন্ম নেয়। জন্মের পর হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করে।


তবে কিছুক্ষণ পর নবজাতকটি অতিরিক্ত কান্নাকাটি শুরু করলে তাকে বেড থেকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তখন চিকিৎসক জানান, শিশুটির জন্মের সময় কিছুটা ইনফেকশন হয়েছিল।

এরপর শিশুটিকে ইনজেকশন ও স্যালাইন দেওয়া হয়েছিল। পরিবারের দাবি, ইনজেকশন দেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। তবে স্যালাইন শেষ পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি।

নবজাতকের বাবা অভিযোগ করেন, শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে তিনি বারবার চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের বিষয়টি জানান। কিন্তু তার অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, চিকিৎসককে বারবার শিশুটির কান্নার বিষয়টি জানালে চিকিৎসক বিরক্তি প্রকাশ করে বলেন, ছোট বাচ্চা কান্না না করে কি বড় বাচ্চা কান্না করবে?

পরিবারের দাবি, এভাবে রাত ৩টা থেকে সকাল হয়ে গেলেও শিশুটির যথাযথ পরিচর্যার জন্য কোনো সেবিকা নিয়মিত আসেননি। শিশুর বাবা বারবার নার্স কিংবা ডাক্তারদের ডাকলেও তারা বিরক্তি প্রকাশ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

একপর্যায়ে (২৭ আগস্ট) ভোর ৬টা ১০ মিনিটের দিকে নবজাতকটির মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে সকাল ৬টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিয়ে হাসপাতালের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে নবজাতকের বাবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে আসেন কর্ণফুলী থানা পুলিশ।

এদিকে, গণমাধ্যমকর্মীরা নবজাতকের মৃত্যুর বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জনকে জানালে তিনি দ্রুত কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসাকে ঘটনাস্থলে পাঠান।

ঘটনাস্থল পরিদর্শন করে ডা. জেবুন্নেসা গণমাধ্যম কর্মীদের জানান, নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো ধরনের ভুল কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা হয়েছিল কি না তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তে শেষে তাদের সুপারিশ অনুযায়ী হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

তথ্য সূত্রে ওঠে এসেছে, সাউথ চট্টগ্রাম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডকে ঘিরে অতীতেও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ঘটনা ঘটেছে। ২০২৩ সালেও সাউথ চট্টগ্রাম হসপিটাল কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যু হয়েছিল শিরোনাম সি প্লাস টিভিতে একটি সংবাদও প্রচার করা হয়েছিল। জানা গেছে, সে সময়ও প্রতিষ্ঠানটি নিহত নবজাতক শিশুর পরিবারকে মোটা অঙ্কের টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দিয়েছিল। তার তিন বছর না যেতেই একইভাবে আরেকটি নবজাতকের মৃত্যুর ঘটনাকে ১ লাখ টাকায় রফাদফা করে ধামাচাপা দেওয়া চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যেও ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

এবিষয়ে জানতে চাইলে নবজাতকের বাবা জানান, আমার পরিবারের স্বজনদের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলে বিষয়টি সমঝোতা করেছে।

এবিষয়ে জানতে চাইলে সাউথ চট্টগ্রাম হসপিটালের ম্যানেজার মো. নজরুল ইসলাম জানান, রাতে আমি ডিউটিতে ছিলাম না হাসপাতালে যারা ছিল তাদের সঙ্গে কথা বলেছি এবং নিহত নবজাতকের পরিবারের স্বজনদের অভিযোগ শুনেছি পরে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে বিষয়টি নিহত নবজাতকের স্বজনদের সম্মতি মেডিকেল বিলসহ ১ লাখ টাকায় বিষয়টি সমাধান করা হয়েছে।

এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর মোহাম্মদ জানান, নিহত নবজাতকের স্বজনরা ৯৯৯ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্বজনরা যদি টাকা দিয়ে বিষয়টি সমঝোতা করে ফেলে সেখানে আমাদের কিছুই করার নাই। তবে থানায় কেউ লিখিত অভিযোগ করলে এবিষয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   চট্টগ্রাম  কর্ণফুলী  চিকিৎসা  অবহেলা  নবজাতক  মৃত্যু  ধামাচাপা  রফাদফা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: