নড়াইলের বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের স্মৃতিবিজড়িত সুলতান মঞ্চে শুক্রবার (২৮ আগস্ট) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সুলতান উৎসব’। উৎসবের প্রথম দিন সকাল ১০টায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে শিশুদের স্বতঃস্ফূর্ত চিত্রাঙ্কন উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিশুশিল্পী অংশ নেয়। মূলত শিশুদের মাঝে এসএম সুলতানের শিল্পচেতনা ও শিল্পকর্ম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দুই দিনব্যাপী এই সুলতান উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও রয়েছে শিশুদের আঁকা ছবির প্রদর্শনী, সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ ও সাধারণ সম্পাদক সমীর, এসএম সুলতান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক অনাদী বৈরাগী, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী এবং সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা প্রমুখ।
সময়ের আলো/জোই