পাহাড়ে ঘুরতে গিয়ে হঠাৎ বন্যা-ভূমিধস হলে যা করবেন

সময়ের আলো ডেস্ক

ফিচার

পাহাড়ের সৌন্দর্য যতটা মুগ্ধ করে, বর্ষায় তার ঝুঁকিও ততটাই ভয়ংকর। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল কিংবা হঠাৎ ভূমিধস মুহূর্তেই বদলে দিতে

2026-08-28T17:21:27+00:00
2026-08-28T17:21:50+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
ফিচার
পাহাড়ে ঘুরতে গিয়ে হঠাৎ বন্যা-ভূমিধস হলে যা করবেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:২১ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ৫:২১ পিএম
ছবি : সংগৃহীত
পাহাড়ের সৌন্দর্য যতটা মুগ্ধ করে, বর্ষায় তার ঝুঁকিও ততটাই ভয়ংকর। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল কিংবা হঠাৎ ভূমিধস মুহূর্তেই বদলে দিতে পারে ভ্রমণের পুরো চিত্র। তাই পাহাড়ে ঘুরতে যাওয়ার আগে গন্তব্যের পাশাপাশি সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিও জরুরি।

সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস সেই ঝুঁকির বাস্তব চিত্র সামনে এনেছে। ২৬ আগস্ট ভোতে কোশি নদী এলাকায় আকস্মিক বন্যায় ঘরবাড়ি, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরাও আটকা পড়েন। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, দুর্যোগের পর শত শত পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভূমিধসের ঝুঁকি বুঝবেন যেভাবে

পাহাড়ের ঢালে নতুন ফাটল, অস্বাভাবিকভাবে মাটি বসে যাওয়া, ছোট পাথর গড়িয়ে পড়া কিংবা হঠাৎ পানির প্রবাহের পরিবর্তন দেখা গেলে সতর্ক হতে হবে। এসব লক্ষণ ভূমিধসের আশঙ্কার ইঙ্গিত হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত নিরাপদ ও স্থিতিশীল উঁচু জায়গায় সরে যাওয়া জরুরি।

গাড়িতে থাকলে

পাহাড়ি রাস্তায় সামনে মাটি বা পাথর পড়তে দেখলে গাড়ি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। নিরাপদ দূরত্বে গাড়ি থামান। তবে ভূমিধসের একেবারে পাশে গাড়ি থামানোও বিপজ্জনক, কারণ প্রথম ধসের পর আরও মাটি বা পাথর নেমে আসতে পারে। স্থানীয় প্রশাসন, পুলিশ বা উদ্ধারকারী দলের নির্দেশনা মেনে চলাই সবচেয়ে নিরাপদ।

ভূমিধস শুরু হলে

মাটি বা পাথর যে দিক দিয়ে নিচে নামছে, সেই প্রবাহের সামনে না গিয়ে দ্রুত পাশের তুলনামূলক নিরাপদ উঁচু জায়গায় সরে যেতে হবে। ভূমিধস খুব কাছে শুরু হলে নিজে উদ্ধারকাজে না গিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে জরুরি সহায়তার খবর দিন।


নদী-ঝরনার পাশে বাড়তি সতর্কতা

পাহাড়ে বৃষ্টি না হলেও উজানে ভারী বৃষ্টির কারণে হঠাৎ নদী বা ঝরনার পানি বেড়ে যেতে পারে। তাই নদীর একেবারে তীরে ক্যাম্প করা ঠিক নয়। পানির উচ্চতা দ্রুত বাড়তে দেখলে ছবি তুলতে বা দৃশ্য দেখতে না দাঁড়িয়ে দ্রুত উঁচু জায়গায় চলে যেতে হবে।

মোবাইল ফোন হতে পারে গুরুত্বপূর্ণ সহায়

ভ্রমণের আগে ফোন পুরোপুরি চার্জ করে নিন এবং সঙ্গে পাওয়ার ব্যাংক রাখুন। জরুরি নম্বর, স্থানীয় গাইড, হোটেল বা ভ্রমণসংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগ ফোনে সংরক্ষণ করে রাখুন। কোথায় যাচ্ছেন এবং কখন ফেরার কথা—এ তথ্য পরিবারের কাউকে জানিয়ে রাখাও জরুরি। কারণ দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে যেতে পারে।

একা পাহাড়ে না যাওয়াই ভালো

অপরিচিত পাহাড়ি এলাকায় একা ঘোরাঘুরি না করে স্থানীয় গাইড বা অভিজ্ঞ দলের সঙ্গে থাকা নিরাপদ। আবহাওয়া খারাপ হলে ভ্রমণের পরিকল্পনা বাতিল করতেও দ্বিধা করা উচিত নয়।


ছবি নয়, নিরাপত্তা আগে

ভূমিধস বা আকস্মিক বন্যা দেখলে ছবি বা ভিডিও করতে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক হতে পারে। কয়েক সেকেন্ডের একটি ভিডিওর জন্য নিজের জীবন ঝুঁকিতে না ফেলে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে।

পাহাড়ে যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস ও স্থানীয় কর্তৃপক্ষের সতর্কতা দেখে নিন। পরিস্থিতি বিপজ্জনক মনে হলে পরিকল্পনা বদলে ফেলুন। মনে রাখুন, ভ্রমণ আবার করা যায়—জীবন নয়।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   পাহাড়  বন্যা  ভূমিধস  সময়ের আলো 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: