মৃত্যুর পর নিজের ‘চল্লিশা’ আয়োজন ঠিকভাবে হবে কি না— এমন আশঙ্কা থেকে জীবিত অবস্থাতেই নিজের চল্লিশার আয়োজন করেছেন রফিকুল ইসলাম (৬২) নামে এক ব্যক্তি। ব্যতিক্রমী এ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) এ উপলক্ষে প্রায় ৮ হাজার মানুষকে খাবার খাওয়ান কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম। তিনি জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
এ আয়োজনে বীর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আশপাশের কয়েকটি গ্রামের দরিদ্র ও অসহায় মানুষসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শামিয়ানা টানিয়ে, চেয়ার-টেবিল সাজিয়ে আয়োজন করা হয় বড় পরিসরের এ ভোজের। খাবারের তালিকায় ছিল গরুর মাংস, মাছের মুড়িঘণ্ট, ডাল ও পায়েস।
রফিকুল ইসলাম বলেন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকার মানুষের দোয়া পাওয়ার আশায় এবং পরকালের সওয়াবের প্রত্যাশায় জীবিত থাকতেই এই আয়োজন করেছেন। তিনি বলেন, আমার ইচ্ছা ছিল, আমি বেঁচে থাকতেই সবার হাতে খাবার তুলে দেব।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর পর চল্লিশার পরিবর্তে জীবিত অবস্থাতেই এ ভোজের আয়োজনের বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। এরপর থেকেই বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দেয়।
রফিকুল ইসলাম জানান, সড়ক ও জনপথ অধিদফতরের রাস্তার পাশে নির্মাণাধীন দোকান ও জমির একটি বড় অংশ থেকে পাওয়া অর্থ দিয়ে এই আয়োজন করেছি। এই আয়োজনে ৯ লাখ টাকা ব্যয় হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, জীবিত অবস্থায় নিজের জন্য চল্লিশার আয়োজন করে অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ঘটনা এলাকায় নজিরবিহীন।
সময়ের আলো/আতা