চশমা ব্যবহারকারীদের জন্য হঠাৎ চশমা ভেঙে যাওয়াটা এক ধরনের বিপদ। বিশেষ করে বাইরে কোথাও ঘুরতে গেলে বা জরুরি সময়ে চশমা নষ্ট হলে, সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে মেরামত করানো সম্ভব নাও হতে পারে। এমন পরিস্থিতিতে কিছু সহজ উপায়ে সাময়িকভাবে চশমা ঠিক করে কাজ চালিয়ে নেওয়া যায়।
ভ্রমণ বা বাইরে কোথাও যাওয়ার সময় ছোট একটি চশমা মেরামতের কিট সঙ্গে রাখলে অনেক সমস্যাই দ্রুত সামাল দেওয়া যায়। এসব কিটে সাধারণত বিভিন্ন মাপের ছোট স্ক্রু, স্ক্রু-ড্রাইভার ও নোজ প্যাড থাকে। ফলে, চশমার কোনো স্ক্রু খুলে গেলে বা নোজ প্যাড হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে ঠিক করে নেওয়া সম্ভব হয়।
চশমার ছোট স্ক্রু হারিয়ে গেলে সবচেয়ে ভালো হয় উপযুক্ত মাপের অতিরিক্ত স্ক্রু দিয়ে সেটি প্রতিস্থাপন করা। তবে, সঙ্গে বাড়তি স্ক্রু না থাকলে সাময়িকভাবে টুথপিক বা পাতলা কাঠের শলাকা ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে ফ্রেমের স্ক্রুর ছিদ্রের মধ্যে টুথপিক বা কাঠের শলাকার একটি অংশ ঢুকিয়ে দিয়ে বাইরে থাকা অতিরিক্ত অংশ ভেঙে ফেলতে পারেন। এতে চশমার ডাঁটি বা ফ্রেমের অংশটি সাময়িকভাবে নিজের জায়গায় আটকে থাকবে।
এ ছাড়া, ডেন্টাল ফ্লসও জরুরি সময়ে কাজে লাগতে পারে। ফ্লসটি স্ক্রুর ছিদ্রের ভেতর দিয়ে ঢুকিয়ে শক্ত করে গিঁট দিয়ে রাখলে ফ্রেমের বিচ্ছিন্ন অংশ কিছু সময়ের জন্য আটকে রাখা সম্ভব।
অন্যদিকে, চশমার ফ্রেম ভেঙে গেলে সাময়িকভাবে সেটি ধরে রাখার জন্য ইলেকট্রিক্যাল টেপ বা ব্ল্যাক টেপ ব্যবহার করা যেতে পারে। ভাঙা অংশ দুটি যথাসম্ভব সঠিক অবস্থানে এনে কয়েক পাক টেপ দিয়ে জড়িয়ে দিলে চশমাটি কিছু সময়ের জন্য ব্যবহার করা সম্ভব হতে পারে।
তবে মনে রাখা জরুরি, ভাঙা ফ্রেম জোড়া লাগাতে কোনোভাবেই সুপার গ্লু বা অন্য ধরনের শক্ত আঠা ব্যবহার করা উচিত নয়। আঠা অসাবধানতাবশত লেন্সে লেগে গেলে সেটি পরিষ্কার করে সরানো অত্যন্ত কঠিন, এমনকি লেন্সও ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি ফ্রেমে যদি ওয়ারেন্টি থাকে, আঠা ব্যবহারের কারণে সেই ওয়ারেন্টিও বাতিল হয়ে যেতে পারে।
চশমার লেন্স ফ্রেম থেকে খুলে পড়ে গেলেও আতঙ্কিত হওয়ার দরকার নেই। লেন্সটি পরিষ্কারভাবে ধরে ফ্রেমের পেছনের দিক থেকে ধীরে ধীরে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। এ সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করা উচিত নয়, কারণ তাতে লেন্স বা ফ্রেম ক্ষতিগ্রস্ত হতে পারে।
লেন্সটি জায়গামতো বসানোর পরও সতর্ক থাকতে হবে। ফ্রেম যদি ঢিলে হয়ে থাকে, তাহলে লেন্সটি আবারও খুলে পড়ে যেতে পারে। তাই সাময়িকভাবে ঠিক করার পর চশমাটি সাবধানে ব্যবহার করতে হবে।
জরুরি সময়ে এসব পদ্ধতি অবলম্বন করে সাময়িকভাবে কাজ চালিয়ে নিতে পারেন। তবে চশমার ক্ষতি হয়- এমন কোনো পদ্ধতি ব্যবহার করা ঠিক নয়। এছাড়া, সাময়িকভাবে ঠিক করা চশমা দীর্ঘদিন ব্যবহার না করে সুযোগমতো চশমার দোকানে নিয়ে গিয়ে সঠিকভাবে মেরামত করানো উচিত।
সময়ের আলো/মহু