সার নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে মব আতঙ্ক ও গুজব সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে বর্তমানে চাহিদার তুলনায় সারের মজুত বেশি রয়েছে, তবে সুষম বণ্টনে (ডিস্ট্রিবিউশন) কিছু সমস্যা রয়েছে যা দ্রুত সমাধান করা হচ্ছে। বিগত সময়ে রাজনৈতিক ও পারিবারিকভাবে সারের ডিলার নিয়োগ করা হয়েছে। তাদের অনেকেই এখন পলাতক অথবা ঠিকভাবে সার সরবরাহ না করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। আমাদের মেসেজ একদম পরিষ্কার— সার নিয়ে কোনো ধরনের অপরাজনীতি বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
তিনি আরও জানান, সারের সরবরাহ সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রতি ইউনিয়নে নতুন করে সার ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তবে বর্তমান ডিলারদের মধ্যে যারা স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন, তাদের বাদ দেওয়া হবে না।
বাজারে সারের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকার নির্ধারিত ১২০০ টাকার সার রাতের আঁধারে ১৭০০-১৮০০ টাকায় বিক্রি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ও বর্গা কৃষকরা। প্রশাসনকে নির্দেশ দিচ্ছি, আপনাদের শক্ত হাতে পদক্ষেপ নিতে হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে এক টাকা বেশি নিলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
প্রতিমন্ত্রী ডিলারদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, অতিরিক্ত মুনাফার লোভে কৃষকদের হেনস্তা করবেন না। পাশাপাশি কৃষকদেরও প্রয়োজনের অতিরিক্ত সার মজুত না করার এবং জমিতে পরিমিত সার ব্যবহারের পরামর্শ দেন তিনি।
ধরেন।
সময়ের আলো/এনএন/আতা