১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের মুলাদী থানার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেন বেপারীর (৩৪)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে র্যাব-৮ ও র্যাব-১০-এর যৌথ অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) র্যাব-৮ এর সদর দফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃত কামাল হোসেন বরিশালের মুলাদী থানার চর বাটামারা এলাকার মৃত আব্দুল ওয়াহেদ বেপারীর ছেলে।
র্যাব জানায়, র্যাব-৮ এর সদর কোম্পানি, বরিশাল এবং র্যাব-১০ এর সদর কোম্পানি কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিকদল বৃহস্পতিবার বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বরিশাল জেলার মুলাদী থানার অস্ত্র মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কামাল হোসেন বেপারীকে গ্রেফতার করা হয়।
র্যাবের তথ্যমতে, কামাল হোসেন বেপারীর বিরুদ্ধে মুলাদী থানায় দায়ের হওয়া একটি অস্ত্র মামলা পরবর্তীতে ঢাকা মহানগরীর হাজারীবাগ থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয় (মামলার নম্বর ১৮ (০৯)১৬)। মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতের বিচারক তাকে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি (কামাল) দীর্ঘ দশ বছর ধরে পলাতক ছিলো। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার পরোয়ানা তামিলের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা র্যাব-৮-এর অধিনায়কের কাছে অভিযুক্তকে গ্রেফতারের জন্য সহায়তা চান। এর পরিপ্রেক্ষিতে র্যাব-৮ বরিশালের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে।
অভিযান শেষে গ্রেফতারকৃত মো. কামাল হোসেন বেপারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/এনএন/আতা