পরিবারের হাল ধরতে প্রায় তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের বোয়ালখালীর মো. জামশেদুল ইসলাম (আলাউদ্দিন)। নির্মাণকাজ করতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামশেদুল উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুস সালামের বাড়ির মো. নজরুল ইসলামের ছেলে। ছয় বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। আবুধাবির মুসাফ্ফা এলাকায় বসবাস করতেন তিনি।
নিহতের ভাগিনা মো. জোবায়েত জানান, গত ১৬ আগস্ট মুসাফ্ফা থেকে আল আইন এলাকায় নির্মাণকাজ করতে যান জামশেদুল। সেখানে একটি ভবনে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়।
দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার বিকেলে মারা যান ২৫ বছর বয়সী জামশেদুল। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। এ সপ্তাহের মধ্যে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
সময়ের আলো/জোই