ঝালকাঠির নলছিটিতে মুরগীবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ড্রাইভারসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) রাত দুইটার সময় বরিশাল কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত দুইটার দিকে মুরগীবাহী দ্রুতগতির একটি পিকআপ বরিশাল কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের ইউনিয়নের খেজুরতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে হেলপার মো. ইমরান (৪০) নিহত হন। এ ঘটনায় ড্রাইভারসহ গুরুতর আহত আরও তিনজনকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।
নিহত হেলপার মো. ইমরান পটুয়াখালীর দশমিনা এলাকার মৃত মোমিন উদ্দিনের ছেলে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, হাইওয়ে পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই