ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় দুই সদস্য। ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে আলোচনার সময় মতপার্থক্যের জেরে তারা বৈঠক থেকে বেরিয়ে যান বলে জানা গেছে। পরে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিলটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিটি।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এ আইন প্রণয়ন ও সংসদে উত্থাপনের উদ্যোগ নেওয়ায় কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।
তবে বিলটি নিয়ে আলোচনার একপর্যায়ে কমিটির বিরোধী দলীয় সদস্য মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩) ও মো. আব্দুল বাতেন (ঢাকা-১৬) বৈঠক থেকে ওয়াকআউট করেন।
ওয়াকআউটের বিষয়ে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, কমিটির সদস্য হিসেবে কারও কোনো সংশোধনী বা ভিন্ন মতামত থাকলে তা সভায় উপস্থাপন, পরামর্শ দেওয়া কিংবা প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে।
তিনি বলেন, এটিই কমিটির সদস্যদের দায়িত্ব। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।
বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সভায় উল্লেখ করা হয়, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। একই সময়ে বিভিন্ন স্থানে মব বা সংঘবদ্ধ জনতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চললেও কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি বলেও বৈঠকে আলোচনা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি বলেও সভায় জানানো হয়।
বৈঠকে মিরাজ শেখের অপহরণের প্রসঙ্গও উঠে আসে। সভায় আলোচনা হয়, ওই ঘটনার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। এ ধরনের দোষারোপের রাজনীতি বা ‘ব্লেম গেম’ থেকে বেরিয়ে আসা প্রয়োজন বলে সদস্যরা মত দেন।
বৈঠকে কমিটির সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দীন আহমদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন অংশগ্রহণ করেন।
এ ছাড়া বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
সময়ের আলো/জেডআই