ধর্ষণে অন্তঃসত্ত্বা ইউএনওর গৃহকর্মী, মামলা হয়নি ২ মাসেও

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

অন্তঃসত্ত্বা হওয়ার দুই মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পরে প্রকাশ্যে এসেছে চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসায় কর্মরত

2026-08-30T22:27:49+00:00
2026-08-30T22:27:49+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
সারাদেশ
ধর্ষণে অন্তঃসত্ত্বা ইউএনওর গৃহকর্মী, মামলা হয়নি ২ মাসেও
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:২৭ পিএম 
প্রতীকী ছবি
অন্তঃসত্ত্বা হওয়ার দুই মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পরে প্রকাশ্যে এসেছে চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসায় কর্মরত এক নারী গৃহকর্মী ধর্ষণের ঘটনা। তবে এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি।

রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই নারীর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনা জানাজানি হয়, তৈরি হয় চাঞ্চল্য। ছড়িয়ে পড়া ভিডিওতে ভুক্তভোগী তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির দাবি, ভিডিওটি সাতকানিয়া থেকে সদ্য বদলি হওয়া ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান তার সরকারি বাসায় মুঠোফোনে ধারণ করেছিলেন। তবে ভিডিওটি কীভাবে এবং কার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল, তা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, প্রায় দুই মাস আগে ইউএনওর সরকারি বাসায় কর্মরত ওই নারী গৃহকর্মী পেটের তীব্র ব্যথা নিয়ে সাতকানিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তার অ্যাপেন্ডিসাইটিসের বিষয়টি সন্দেহ করেন। পরে চিকিৎসার সময় তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সামনে আসলে জানা যায়, তার গর্ভে অপরিপক্ব সন্তান রয়েছে।


এরপর বিষয়টি জানাজানি হলে ওই নারীর সঙ্গে কথা বলা হয়। তখন তিনি তার সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন। তার অভিযোগ অনুযায়ী, ইউএনওর সরকারি বাসায় কর্মরত এক কর্মচারী তাকে ধর্ষণ করেছেন। অভিযোগ ওঠার পর সরকারি বাসায় মালি হিসেবে কর্মরত ওই কর্মচারীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয় । কিন্তু ধর্ষণের মতো গুরুতর ফৌজদারি অভিযোগের ক্ষেত্রে থানায় মামলা হয়নি।

সংশ্লিষ্টদের ভাষ্য, অভিযোগটি জানার পর প্রশাসনিকভাবে অভিযুক্তকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হলেও বিষয়টি নিয়মিত আইনি প্রক্রিয়ায় নেওয়া হয়নি। অন্তঃসত্ত্বা হওয়ার তথ্য সামনে আসার পর থেকেই বিষয়টি প্রকাশ্যে না আনার চেষ্টা করা হয়। সরকারি বাসার সংশ্লিষ্টদের এ বিষয়ে বাইরে কথা না বলার জন্য বলা হয়েছিল। ফলে প্রায় দুই মাস ধরে ঘটনাটি লোকচক্ষুর আড়ালে থাকে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, অভিযোগটি সামনে আসার পর ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান নিজে ওই নারীর সঙ্গে কথা বলেন। এ সময় তার বক্তব্য মুঠোফোনে ভিডিও ধারণ করা হয়। ভিডিওতে ওই নারী নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বক্তব্য দেন। তার চেহারাও ভিডিওতে স্পষ্ট দেখা যায়।

ঘটনাটি প্রায় দুই মাস ধরে আড়ালে থাকার সময় সাতকানিয়ায় দায়িত্ব পালন করেছেন ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান। এরই মধ্যে তার বদলির আদেশ হয় এবং তিনি সাতকানিয়া ছাড়েন। এরপরই রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর ভিডিও ছড়িয়ে পড়ে। ফলে এতদিন আড়ালে থাকা ঘটনাটি হঠাৎ করেই জনসমক্ষে চলে আসে।

জানতে চাইলে সাতকানিয়া থেকে সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে, ধর্ষণের মতো ঘটনায় কেন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি এমন প্রশ্ন করা হলে উত্তর দেননি তিনি।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখিনি। আর এ বিষয়ে কেউ কোনো অভিযোগও দেয়নি।

সময়ের আলো/এনএন/আতা


  বিষয়:   ধর্ষণ  অন্তঃসত্ত্বা  ইউএনওর গৃহকর্মী  মামলা হয়নি ২ মাসে  সময়ের আলো  সাতকানিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: