সংবিধান সংশোধন বিশেষ কমিটিতে অংশ নিতে বিরোধী দলের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদ প্রতিবেদক

জাতীয়

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে টানাপোড়েন অব্যাহত রয়েছে। সংসদীয় কমিটির সভাপতি পদ পেতে সংসদের বিশেষ কমিটিতে বিরোধী দলের

2026-08-30T23:57:39+00:00
2026-08-30T23:57:39+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
জাতীয়
সংবিধান সংশোধন বিশেষ কমিটিতে অংশ নিতে বিরোধী দলের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সংসদ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:৫৭ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে টানাপোড়েন অব্যাহত রয়েছে। সংসদীয় কমিটির সভাপতি পদ পেতে সংসদের বিশেষ কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে রোববার জাতীয় সংসদে আবারও আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিশেষ কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণের আহ্বান জানালেও বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের স্পষ্ট জানিয়েছেন, তাদের নীতিগত সিদ্ধান্ত হলো, সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নেওয়া। তবে তিনি জুলাই সনদের নির্দেশনা অনুযায়ী, সংসদের আসন অনুপাতে সংসদীয় কমিটির সভাপতি পদ দাবি করেছেন। 

রোববার জাতীয় সংসদের অধিবেশনে মাগরিবের বিরতির পর সংসদীয় কমিটি গঠন কার্যক্রমের সময় এ নিয়ে আলোচনা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে বক্তব্যের শুরুতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলীয় উপনেতার সঙ্গে তাঁর কথা হয়েছে। তারা সংবিধান সংশোধন কমিটিতে সদস্য দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন বলে। এ বিষয়ে বিরোধী দলীয় উপনেতাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি।

এরপর ফ্লোর নিয়ে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, চিফ হুইপের সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে। কিন্তু সংবিধান সংশোধন কমিটিতে আমরা যাব এবং সেই হিসেবে আপনারা আমাদের কমিটির সভাপতি পদ দেবেন—এমন কোনো কথা আমরা বলিনি। তিনি বলেন, সংসদে তাঁদের সদস্যসংখ্যার অনুপাতে প্রায় ২৬ শতাংশ স্ট্যান্ডিং কমিটির সদস্য পদ দেওয়া হয়েছে। একইভাবে কমিটিগুলোর সভাপতির ২৬ শতাংশ পদ বিরোধী দল থেকে দেওয়ার প্রত্যাশা ছিল তাঁদের। কিন্তু এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে বিরোধী দল থেকে সভাপতি করা হয়নি। একটি কমিটিতে যোগ দেওয়ার জন্য শর্ত আরোপ করে জোর-জবরদস্তি করার ট্র্যাডিশন আমরা সঠিক মনে করি না। আমাদের নীতিগত সিদ্ধান্ত হলো, আমরা সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণ করব না।

অতীত সংসদের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে তো স্পিকারকে পিটিয়ে মারা হয়েছে, ডেপুটি স্পিকার শাহেদ আলী সাহেবকে হত্যা করা হয়েছে, জুতা ছোড়াছুড়ি হয়েছে। আমরা সেই কালো ইতিহাসে ফিরে যেতে চাই না। প্রধানমন্ত্রী বলেছিলেন, এটি জনগণের সংসদ। তাই বৈষম্যবিরোধী এই সংসদে অধিকার চাই।

এর জবাবে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, গত ৫৪-৫৫ বছরে পাবলিক অ্যাকাউন্টস কমিটি ছাড়া অন্য কোনো কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়ার রেওয়াজ নেই। তারপরও আনুপাতিক হারে বিরোধী দলকে ১০টি কমিটির সভাপতি পদ দিতে সরকার রাজি আছে। তিনি বলেন, আমাদের কথা ছিল, সংবিধান সংশোধন করেই আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব। উনারা যদি সেই প্রক্রিয়ায় অংশ নেন, তবে আমরা পদ দিতে রাজি আছি। আমরা কোনো কিছু আটকে রাখতে চাই না।

পরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এখন আপনারা সবই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে চাইবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতায় আসবেন না। দুইটা বিপরীতমুখী হয়ে যায়। তিনি বলেন, স্পিকার নির্বাচনের আগে একটি ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছিল। তখন প্রধানমন্ত্রী বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বর্তমান সংবিধান অনুযায়ী স্পিকার একজন, ডেপুটি স্পিকার একজন। সেই ডেপুটি স্পিকার আমরা বিরোধী দলকেই অফার করেছি। তবে বিরোধী দল তখন ডেপুটি স্পিকারের পদ নিতে রাজি হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তখন ভাবলাম, জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে, অর্থাৎ সংবিধান সংশোধিত হলে সেই অনুযায়ী আমরা যাব। আমরা আমাদের উদারতা এবং আমাদের উইলিংনেস জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সংবিধান সংশোধনের আগে থেকেই ব্যক্ত করেছি।

সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের বিধি ২২৬ অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। সেখানে বিরোধী দলের জন্য পাঁচজন সদস্যের জায়গা রাখা হয়েছে। সংসদে প্রতিনিধিত্বশীল অন্যান্য রাজনৈতিক দল, স্বতন্ত্র সদস্যসহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিত্বও কমিটিতে রাখা হয়েছে। বিরোধী দল নীতিগতভাবে কমিটিতে না আসার সিদ্ধান্ত নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, কমিটির একটি বৈঠক ইতোমধ্যে হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংবিধান বিশেষজ্ঞদের মতামত নিয়ে কমিটি প্রতিবেদন তৈরি করবে। এভাবে আমরা সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলব। তাদের মতামতের ভিত্তিতে আমরা রিপোর্টটা প্রণয়ন করব। পরে আইন মন্ত্রণালয় ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংবিধান সংশোধনের বিল সংসদে উপস্থাপন করা হবে। জুলাই জাতীয় সনদের পাশাপাশি সমাজের প্রত্যাশা, সরকারের নির্বাচনি ইশতেহার, জনপ্রত্যাশা এবং সংশ্লিষ্টদের পরামর্শ বিবেচনায় নিয়ে একটি সমৃদ্ধ সংবিধান সংশোধনী বিল আনা হবে।

বিরোধী দলকে কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আপনারা সংবিধান সংশোধনী কমিটিতে আসুন। আপনাদের যা বক্তব্য আছে, আমরা সেটা লিপিবদ্ধ করব। আপনাদের সমস্ত রিপোর্ট, বক্তব্য সেই রিপোর্টে থাকবে। আপনাদের বক্তব্য জাতি জানবে। তিনি বলেন, কমিটিতে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতে পারে। আবার কিছু প্রস্তাবে সবাই একমতও হতে পারেন। সংবিধানে নতুন কোনো বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব এলে সেটিও বিবেচনা করা হবে। আমরা খুবই উন্মুক্ত। আশা করি, আপনারা সংবিধান সংশোধন কমিটিতে আসবেন। আপনারা যখনই অংশগ্রহণ করবেন, আমরা স্বাগত জানাবো। তবে সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিদ্যমান বিধান অনুযায়ী সরকারি কার্যক্রম পরিচালিত হবে। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মধ্য দিয়েই জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বক্তব্যের শেষে হাস্যরস করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি।

সময়ের আলো/জেডআই



  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  সংবিধান সংশোধন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: