এবার প্রতিবাদ জানালেন গীতিকবিরা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

সম্প্রতি কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রকাশ করা হয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। ১৬ আগস্ট

2026-08-31T02:22:22+00:00
2026-08-31T02:22:22+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
আনন্দ সময়
আইয়ুব বাচ্চুর গানে পরিবর্তন
এবার প্রতিবাদ জানালেন গীতিকবিরা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:২২ এএম 
ছবি : সংগৃহীত
সম্প্রতি কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রকাশ করা হয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে ইউটিউবে প্রকাশিত হয় অ্যালবামের প্রথম গান ‘রুপালি গিটার’। 

গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। এরপর এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে সাতটি গান। তবে অ্যালবামটি প্রকাশের পর থেকেই এটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে এতে অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’ গানটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে। নতুন সংগীতায়োজনের পাশাপাশি গানটির গায়কীতেও পরিবর্তন এনেছেন অদিত রহমান। আর এটি নিয়েই ক্ষোভে ফুঁসছেন ভক্ত-শ্রোতারা। 

এদিকে এই  অ্যালবামের এবার আইয়ুব বাচ্চুর গান বিকৃত করার প্রতিবাদ জানিয়েছে গানগুলোর ছয় গীতিকার।  তাদের পক্ষে একটি যুক্ত বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। গীতিকার ছয়জন হলেন বাপ্পী খান, লতিফুল ইসলাম শিবলী, যায়েদ আমীন, এনজেল শফিক, নিয়াজ আহমেদ অংশু ও প্রয়াত কাওসার আহমেদ চৌধুরীর পক্ষে আহমেদ শাফি চৌধুরী প্রতীক। 


বিবৃতিতে লেখা হয়েছে, ‘উত্তরাধিকার প্রকল্পে ব্যবহৃত আমাদের লেখা কোনো গানের জন্য আমরা দায়বদ্ধ নই। আমরা উত্তরাধিকার প্রকল্পে ব্যবহৃত কোনো গানের জন্য অনাপত্তিপত্র প্রদান করিনি ও করব না, কারণ এ ধরনের দলিল কেবল সাধারণ সম্মতির গণ্ডি পেরিয়ে গীতিকারদের অধিকার, রয়্যালটি ও অন্য স্বার্থ সমর্পণ বা হস্তান্তরের শামিল বলে গণ্য হতে পারে। অর্ধেক মেধাস্বত্বের মালিক হওয়া সত্ত্বেও কাউকে অবহিত না করে আমাদের লেখা গান নতুনভাবে তৈরি করা যেমন আইনত অপরাধ, তেমনি অপমানজনক।’

প্রসঙ্গত অ্যালবামটি প্রকাশের দিন জানানো হয়েছিল প্রতি দিন একটি করে গান প্রকাশ করা হবে। কিন্তু ৭টি গান প্রকাশের পর বন্ধ আছে গান প্রকাশ। 

এ ছাড়া সমালোচনার মুখে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে কানিজ সুবর্ণার গাওয়া ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’ ও অদিত রহমানের গাওয়া ‘ঘুমন্ত শহর’ গান দুটি। এ নিয়ে অবশ্য এখন পর্যন্ত আইয়ুব বাচ্চুর পরিবার ও উত্তরাধিকার অ্যালবামের পরিকল্পক চিশতি ইকবালের কোনো বিবৃতি পাওয়া যায়নি।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   প্রতিবাদ  গীতিকবি  আইয়ুব বাচ্চু  গান  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: