যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে সাবেক এক প্রতিমন্ত্রী ও পাঁচ সাবেক সংসদ সদস্যসহ ১১৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ও উল্লেখযোগ্য আসামিরা এ মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিবুল আলম রাজীবকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সাবেক সংসদ সদস্য রণজিৎ রায়, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ইয়াকুব আলী
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট সকালে যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় পালবাড়িগামী রাস্তার ওপর সরকারবিরোধী ও নাশকতাপূর্ণ বিক্ষোভ মিছিল বের করেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, বিদ্যুৎ সরবরাহ ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে এ মিছিলের আয়োজন করা হয়েছিল।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা একটি ‘জাতীয় শোক দিবস’ লেখা ব্যানার ফেলে রেখে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যানারটি উদ্ধার করে।
সময়ের আলো/জোই